২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে ৫ পদে রদবদল

প্রশাসনের দুই উপসচিবসহ পাঁচ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2012, 02:25 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের দুই উপসচিবসহ পাঁচ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। উপসচিবদের মধ্যে নাবিক ও প্রবাসী কল্যাণ পরিদপ্তরের পরিচালক পদে প্রেষণে থাকা উপসচিব মাহফুজুল কাদেরকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে পরবর্তী পদায়নের জন্য। জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব আলতাফ হোসেন চৌধুরীকে সমুদ্র পরিবহন অধিদপ্তরের পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। এর আগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে তাকে বদলির আদেশটি বাতিল করা হয়েছে। জ্যেষ্ঠ সহকারী সচিবদের মধ্যে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক ড. সেতারা বেগমকে রাজশাহীর আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (আরপিএটিসি) উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। এর আগে তাকে রাজশাহীর মহিলা সহায়তা কর্মসূচির বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক পদে বদলি করা হয়েছিল। এ আদেশটি বাতিল করা হয়েছে। গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক পদে নিয়োজিত মাহমুদ হাসানকে ভূমি আপিল বোর্ডের শাখা প্রধান হিসেবে প্রেষণে নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব পদে প্রেষণে থাকা জ্যেষ্ঠ সহকারী সচিব নিরঞ্জন দেবনাথকে সমাজকল্যাণ সচিবের সহকারী একান্ত সচিব নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২০২৩ ঘ.