চট্টগ্রাম, জানুয়ারি ৩১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর এম এম আলী সড়কে একটি বহুতল ভবনের গ্যারেজ থেকে পাঁচটি গাড়ির মুল্যবান যন্ত্রাংশ চুরি করেছে দুর্বৃত্তরা।
সোমবার মধ্যরাতে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে। বিভিন্ন মালিকের ২০০৬ মডেলের এক্স-করলা, রেভ-৪, হুন্দাই, পাজেরোসহ পাঁচটি গাড়ি রয়েছে।
এম এম আলী রোডের শাহ আমানত হাইটস নামের ওই ভবন থেকে পাঁচটি গাড়ির প্রায় কোটি টাকার যন্ত্রাংশ চুরি করেছে বলে সাংবাদিকদের কাছে দাবি করেছে মালিকপক্ষ।
এই ঘটনার পর পুলিশ বাড়িটির দারোয়ান আবদুল কাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে। তবে চুরিতে জড়িত থাকার কোনো প্রমাণ না পাওয়ায় তাকে আটক করা হয়নি বলে জানান কোতোয়ালি থানার ওসি আবুল কালাম আজাদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দারোয়ান বলছে, তাকে ভবনের একটি পিলারের সঙ্গে বেঁধে দুর্বৃত্তরা গাড়ির লাইট, স্টিয়ারিং, লুকিং গ্ল¬াস, সিডি সেটসহ মূল্যবান যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়।
চুরির ঘটনা উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/এমআই/২০২০ ঘ.
bdnews24