ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এখতিয়ারের বাইরে গিয়ে এক ব্যক্তিকে নোটিস দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার এক চেয়ারম্যানকে তলব করেছে হাই কোর্ট।
মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী এবং বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়।
এ বিষয়ে ব্যাখ্যা দিতে ৭ ফেব্র“য়ারি আখাউড়া দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহ নেওয়াজ খানকে আদালতে হাজির থাকতে হবে।
একইসঙ্গে অভিযুক্তের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছে আদালত।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার এবং অভিযুক্ত ইউপি চেয়ারম্যানকে দুই সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
গত রোববার দৈনিক মানবজমিন পত্রিকায় ‘আখাউড়ায় ইউপি চেয়ারম্যানের কাণ্ড’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, “ব্রাহ্মণবাড়িয়ার আখাউয়ায় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। একটি জায়গা সংক্রান্ত বিষয়ে এখতিয়ার বহির্ভূতভাবে মোকদ্দমা তদন্তের নোটিস পাঠিয়ে বিবাদিকে হাজির হতে বলেন চেয়ারম্যান। আবার চিরকুট পাঠিয়েও লিখিত জবাব দিতে বলেন।”
সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন প্রতিবেদনটি আদালতের নজরে আনলে এ আদেশ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/২০১৩ ঘ.
bdnews24