চট্টগ্রাম, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুয়া কাগজপত্র দেখিয়ে এক কন্টেইনার ফেব্রিক্স পাচারের সময় এক সিএন্ডএফ কর্মচারীকে কাভার্ড ভ্যানসহ আটক করেছে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তাকর্মীরা।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে বন্দরের চট্টগ্রাম কন্টেইনার টার্মিনালে (সিসিটি) ভুয়া কাগজ দেখিয়ে একটি ২০ ফুট দৈর্ঘ্যের কন্টেইনার থেকে কাভার্ড ভ্যানে মালামাল পরিবহনের সময় লুৎফর রহমান নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
তিনি ফাস্ট এয়ার ইন্টারন্যাশনাল নামক সিএন্ডএফ এজেন্টের কাস্টমস ও জেটি সরকার।
চট্টগ্রাম বন্দরের পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিসিটিতে পাচারের সময় নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে। পণ্যগুলির শুল্ক জমা দেওয়ার ছাড়পত্র, বিল অব এন্ট্রিসহ সব কাগজপত্রই ভুয়া ছিল।
তিনি জানান, ঢাকার ফ্লোরেন্স ফেব্রিক্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান এসব ফেব্রিক্সের মূল আমদানিকারক।
তবে কন্টেইনারটিতে কী পরিমাণ ফেব্রিক্স ছিল তা তিনি জানাতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/পিডি/২০১০ ঘ.
bdnews24