২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ২০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2012, 01:27 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল আলম মোল্লা জানান, মঙ্গলবার ভোরে সদর উপজেলার সাইনবোর্ড এলাকায় অবস্থিত মিতালী মার্কেটে এ ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় চৌদ্দটি ভবনে প্রায় ৪ হাজার দোকান নিয়ে গড়ে উঠেছে মিতালী সমবায় সমিতির মিতালী মার্কেট। ওসি কামরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ জমির একাংশের মালিকানা নিয়ে দীর্ঘ দিন ধরে জনৈক কমর আলীর সঙ্গে সমিতির লোকজনের বিরোধ রয়েছে। এ নিয়ে আদালতে মামলাও চলছে। মঙ্গলবার ভোরে কমর আলির নেতৃত্বে শতাধিক লোক বুলডোজার নিয়ে মার্কেটের একটি ভবনের একাংশ ভেঙে দেয়। এ সময় মার্কেটের বিভিন্ন দোকানে কর্মরত ক্ষুদ্র গার্মেন্ট কারখানার শ্রমিকদের মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এক পর্যায়ে মার্কেটের লোকজন একত্রিত হয়ে পাল্টা হামলা চালালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়। এ সময় এলাকাবাসী একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বুলডোজার ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে। হামলায় আহতদের নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গ্রেপ্তাররা হলেন, রাসেল, শাহাদাৎ শিপন, শফিক, নূর মোহাম্মদ ও মোতালেব। মার্কেটের দোকান মালিক সমিতির সহ-সভাপতি নুরুল হোসেন মোড়ল জানান, “জমি নিয়ে বিরোধ নয়, কমর আলির নেতৃত্বে লোকজন চাঁদা না পেয়ে এ হামলা চালায়। হামলার সময় বারবার খবর দিয়েও পুলিশের সহযোগিতা পাওয়া যায়নি।” এ সময় মার্কেটের নির্মাণ কাজের জন্য রাখা রড, সিমেন্ট ট্রাকে ভরে ও মোবাইল সেট, নগদ টাকা ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। জমির মালিকানা দাবি করা কমর আলীর বলেন, “মামলা চলতে থাকলেও তারা আমার জমি দখল করে মার্কেট নির্মাণ করে। আমি আমার জমি উদ্ধার করতে গেলে সন্ত্রাসীরা আমাদের লোকজনের উপর হামলা চালায়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৯২৭ ঘ.