ঢাকা জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরবর্তী নির্বাচন কমিশনারদের জন্য নামের প্রস্তাব পেয়েছে সার্চ কমিটি। তা থেকে সংক্ষিপ্ত তালিকা তৈরির কাজ করছেন কমিটির সদস্যরা।
রাষ্ট্রপতি গঠিত এই সার্চ কমিটির সদস্যরা মঙ্গলবার আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কক্ষে বৈঠক করেন। বিচারপতি মাহমুদ এই কমিটির প্রধান।
এই কমিটি পরবর্তী নির্বাচন কমিশনারদের নাম প্রস্তাব করতে রাজনৈতিক দলগুলোর কাছে নামের যে প্রস্তাব করেছিল, তা মঙ্গলবার বিকালেই শেষ হয়েছে।
বৈঠকের পর এই বিষয়ে জানতে চাইলে কমিটির সদস্য মহাহিসাব নিরীক্ষক আহমেদ আতাউল হাকিম সাংবাদিকদের বলেন, “আমরা বেশ কিছু নাম পেয়েছি। দুই-একদিনের মধ্যে সংক্ষিপ্ত তালিকা তৈরি করব।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, তারা কমিটিতে নামের প্রস্তাব দিয়েছেন।
নামগুলো জানতে চাইলে তা জানাতে রাজি হননি তিনি।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাসদের কার্যকরি সভাপতি মইনুদ্দীন খান বাদল জানিয়েছেন, তারা সার্চ কমিটিকে নামের প্রস্তাব দিয়েছেন।
তবে মহাজোট শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার দলের পক্ষ থেকে কোনো নামের প্রস্তাব সার্চ কমিটিকে দেওয়া হয়নি।
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট আগেই বলেছিল, তারা কোনো নাম দেবে না।
সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার হিসেবে প্রতিটি পদের বিপরীতে দুজনের নাম প্রস্তাব করবে রাষ্ট্রপতির কাছে। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন।
এ টি এম শামসুল হুদা নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী মাসের মাঝামাঝি সময়ে শেষ হচ্ছে।
তার আগে নতুন নির্বাচন কমিশন গঠনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর স¤প্রতি রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করেন।
চার সদস্যের কমিটির অন্য দুই সদস্য হলেন হাইকোর্ট বিভাগের বিচারক মো. নূরুজ্জামান ও সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান এ টি আহমেদুল হক চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসইউএম/এমআই/২১৪৮ ঘ.
bdnews24