২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিওআইপি: বন্ধ হয়েছে ১০ লাখ সিম

অবৈধ ভিওআইপি কার্যক্রম রোধে তিন বছরে প্রায় ১০ লাখ সিম ও ৩০ হাজারের বেশি আইপি ঠিকানা বন্ধ করেছে বিটিআরসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2012, 12:14 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ ভিওআইপি কার্যক্রম রোধে তিন বছরে প্রায় ১০ লাখ সিম ও ৩০ হাজারের বেশি আইপি ঠিকানা বন্ধ করেছে বিটিআরসি। মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এ তথ্য জানান। তিনি বলেন, গত তিন বছরে অবৈধ ভিওআইপি কার্যক্রম প্রতিরোধে বিটিআরসি ৯ লাখ ৭৫ হাজার সাতশ ৯০টি মোবাইল সিম বন্ধ, ২১টি অপারেটরের লাইসেন্স বাতিল, ৩০ হাজার সাতশ ৮৯টি আইপি অ্যাড্রেস বন্ধ করা হয়। এছাড়া অবৈধ স্থাপনায় ৭৮টি অভিযান পরিচালনা এবং ৩৮টি মামলা করা হয়। ঝিনাইদহ-২ আসনের সাংসদ মো. সফিকুল ইসলামের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী। অবৈধ ভিওআইপি ব্যবসা প্রতিরোধে কার্যক্রম চলমান উল্লেখ করে রাজিউদ্দিন বলেন, আরও আইজি (ইন্টারন্যাশনাল গেটওয়ে), আইসিএক্স (ইন্টারকানেকশন একচেঞ্জ) ও আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) ও ভিএসপি (ভিওআইপি সার্ভিস প্রোভাইডার) লাইসেন্স দেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে। গত সরকারের সময় বৈধভাবে গড়ে প্রতিদিন দুই কোটি মিনিট আন্তর্জাতিক কল আদান-প্রদান হতো জানিয়ে তিনি বলেন, বর্তমানে বৈধভাবে প্রতিদিন গড়ে সাড়ে চার কোটি মিনিট কল আদান-প্রদান হচ্ছে। সক্রিয় মোবাইল গ্রাহক সাড়ে ৮ কোটি বর্তমানে দেশে নিবন্ধিত চালু মোবাইল গ্রাহক সংখ্যা ৮ কোটি ৫৪ লাখ বলে জানান টেলিযোগাযোগমন্ত্রী। তার দেওয়া তথ্য অনুযায়ী, গ্রামীণফোন লিমিটেড (জিপি) তিন কোটি ৬৫ লাখ, ওরাসকম টেলিকম বাংলাদেশ লিমিটেড (বাংলালিংক) দুই কোটি ৩৮ লাখ, অজিয়াটা বাংলাদেশ লিমিটেড (রবি) এক কোটি ৬১ লাখ, ওয়ারিদ টেলিকম (বর্তমান এয়ারটেল) ৬০ লাখ, প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড (সিটিসেল) ১৮ লাখ ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের (টেলিটক) ১২ লাখ গ্রাহক রয়েছে। নওগাঁ-৬ আসনের সাংসদ মো. ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত বছর (২০১১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর) ছয়টি অপারেটরের এসব গ্রাহক ১৯ হাজার কোটি টাকার বেশি সেবা মূল্য পরিশোধ করে। মন্ত্রী বলেন, কোম্পানিগুলো ন্যূনতম নির্দিষ্ট মানে যাতে গ্রাহক সেবা দিতে পারে সে লক্ষ্যে বিটিআরসি আইটিইউ’র (ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন) সহযোগিতায় কোয়ালিটি অব সার্ভিস রেগুলেশন খসড়া প্রণয়ন করছে। অপু উকিলের প্রশ্নের জবাবে রাজিউদ্দিন বলেন, বিদ্যমান মোবাইল কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে ও সার্ভিসের মানোন্নয়নে চীন সরকারের এক হাজার নয়শ কোটি টাকা অর্থায়নে টেলিটক ‘থ্রি জি প্রযুক্তি চালুকরণ ও ২ পয়েন্ট ৫ জি নেটওয়ার্ক স¤প্রসারণ’ প্রকল্প বাস্তবায়নের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। ভিএসপি ও নিক্স লাইসেন্স শিগগির ডিজিটাল বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে জাতীয় ব্রডব্যান্ড নীতিমালা- ২০০৯ এর আওতায় আইটিসি, ওয়াইম্যাক্স, আইপিটিএসপি, ভিটিএস লাইসেন্স ইতোমধ্যে দেওয়া হয়েছে বলে জানান টেলিযোগযোগমন্ত্রী। সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের এক প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু আরও জানান, আইজিডব্লিউ লাইসেন্স, আইআইজি লাইসেন্স, আইসিএক্স লাইসেন্স দেওয়ার কার্যক্রম চালু হয়েছে। ভিওআইপি সার্ভিস প্রোভাইডার (ভিএসপি) লাইসেন্স ও নিক্স (ন্যাশনাল ইন্টারনেট একচেঞ্জ) লাইসেন্স শিগগির দেওয়া হবে। মন্ত্রী বলেন, “এ খাতে বিটিআরসির মাধ্যমে সরকার ২০০২ জানুয়ারি থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত ১৭ হাজার ১৭ কোটি টাকা রাজস্ব আদায় করেছে।” আর গত তিন বছরে ১২ হাজার ১৯০ কোটি টাকা রাজস্ব আয় হয় বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৮০৮ ঘ.