ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) দুই ভাগে আগামী মে মাসে একই দিনে নির্বাচন করার পরিকল্পনা দিয়ে যাচ্ছে বিদায়ী নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন মঙ্গলবার ইসি কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “ডিসিসির নির্বাচন একসঙ্গে করা ছাড়া উপায় নেই। কয়েক দিন ব্যবধান রেখে দুই ভাগে আলাদা নির্বাচন করলে অনেক সমস্যা হবে। একইদিনে দুই ভাগের নির্বাচন করাই বাঞ্ছনীয়।”
এর পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, “মার্চ থেকে মধ্য এপ্রিল পর্যন্ত এসএসসি পরীক্ষা রয়েছে। এই সময়ের মধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে রাখতে ইসি সচিবালয়কে বলা হয়েছে। এপ্রিলের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করা যেতে পারে।”
ইসি ৯০ দিনের মধ্যে এ নির্বাচন করতে অপরাগতা প্রকাশ করায় মন্ত্রিসভা সোমবার নির্বাচনের জন্য সময় বাড়িয়ে আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করে। সংসদে তা পাস হলে আগামী মে মাসের মধ্যে বিভক্ত ডিসিসিতে নির্বাচন করতে হবে।
এই পরিপ্রেক্ষিতে দুই ভাগে আলাদা দিনে নির্বাচন না করে একদিনে তা করার পরিকল্পনা দেওয়া হয়েছে বলে জানান সাখাওয়াত।
ইসির হিসাব অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন মিলিয়ে ভোটার সংখ্যা প্রায় ৪০ লাখ।
নির্বাচন কমিশনার সাখাওয়াত জানান, ভোটার তালিকা তৈরি, কেন্দ্র পুনর্বিন্যাস, ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মপরিকল্পনাসহ প্রয়োজনী কার্যক্রম এখন থেকেই গুছিয়ে আনতে বলা হয়েছে, যাতে মে মাসে নির্বাচন করা সম্ভব হয়।
এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে ফেব্র“য়ারির মাঝামাঝি সময়ে। রাষ্ট্রপতি নতুন ইসি নিয়োগের পর তাদের অধীনেই ডিসিসির দুই অংশে নির্বাচন হবে।
অবিভক্ত ডিসিসির সর্বশেষ নির্বাচন হয় ২০০২ সালের এপ্রিলে। ২০০৭ সালে এর মেয়াদ উত্তীর্ণ হলে বর্তমান ইসি বেশ কয়েকবার নির্বাচনের উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়।
এরপর সরকার গত বছরের ৩০ নভেম্বর ডিসিসিকে উত্তর ও দক্ষিণ- দুই ভাগে বিভক্ত করে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন পাস করে। এ সময় ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা থাকায় ফেব্র“য়ারির মধ্যে ভোট হওয়ার বাধ্যবাধকতা ছিল।
কিন্তু বিদায়ী ইসি এ সময়ে নির্বাচন করতে অপারগতা জানানোয় নির্বাচন করার সময় বাড়িয়ে ১৮০ দিন করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/জেকে/১৬৫৫ ঘ.
bdnews24