খুলনা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে বাঘের আক্রমণে এক বাওয়ালী নিহত হয়েছে।
কয়রা উপজেলা সংলগ্ন বনে নিহত ব্যক্তির নাম রহমত আলী (৬০)। তিনি কয়রার সাতহালিয়া গ্রামের মোহর আলী গাজীর ছেলে।
কয়রা থানার ওসি মো. আলী আজম খান সাংবাদিকদের জানান, সুন্দরবনের বানিয়াখালী স্টেশন থেকে গোলপাতার পারমিট নিয়ে বাওয়ালী রহমত গোলপাতা কাটতে যায়। সোমবার রাতে সুন্দরবনের আড়–য়া শিবসা নদীর বাওন এলাকায় গোলপাতা কাটার সময় বাঘ তার ওপর আক্রমণ চালায়।
সঙ্গী অন্য বাওয়ালীরা খবর দিলে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে যায়।
আলী আজম বলেন, গিয়ে রহমত আলীর ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। লাশটি পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫৭ ঘ.
bdnews24