২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুর পর বাসে আগুন

সাভারের আশুলিয়ায় বাসচাপায় এক পোশাক শ্রমিক নিহত হওয়ার পর বিক্ষুব্ধ শ্রমিকরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2012, 10:29 AM

Updated : 24 Aug 2022, 10:41 AM

সাভার, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় বাসচাপায় এক পোশাক শ্রমিক নিহত হওয়ার পর বিক্ষুব্ধ শ্রমিকরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার সকালে ঢাকা ইপিজেডের সামনে এই দুর্ঘটনার পর শ্রমিকরা নবীনগর-কালিয়াকৈর সড়ক অবরোধ করে রাখে বলে জানায় পুলিশ। নিহত নুরুল ইসলাম (৪০) আশুলিয়ার আনজির অ্যাপারেলস লিমিটেডের শ্রমিক ছিলেন। তিনি পাবনার ফরিদপুর থানার পূর্ব হালদা গ্রামের ছমির উদ্দিনের ছেলে। ডিইপিজেড এলাকায় ছমির প্লাজার পেছনে তিনি ভাড়া বাসায় থাকতেন। আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল পৌনে ৮টার দিকে নজরুল সাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। ওই সময় ঢাকাগামী কিষাণ পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই নুরুল মারা যান। দুর্ঘটনার পর পরই কার্মস্থলের উদ্দেশে রওনা হওয়া হাজার হাজার শ্রমিক বাসটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেয়। ওসি জানান, অগ্নি-নির্বাপণ বাহিনী ঘটনাস্থলে আসার আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। শ্রমিকদের অবরোধের কারণে সড়কের উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে সকাল ১১টা থেকে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৬৩০ ঘ.