২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেগুলেটর-অপারেটর সম্পর্ক আরো ভালো হবে: বিটিআরসি

টেলিযোগাযোগ খাতে মানসম্মত সেবা নিশ্চিতে একটি নীতিমালা তৈরির কথা জানানোর পাশাপাশি এই খাতের অপারেটরদের সঙ্গে সম্পর্ক আরো ভালো করার প্রত্যাশা করছেন বিটিআরসি চেয়ারম্যান জিয়া আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2012, 10:07 AM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেলিযোগাযোগ খাতে মানসম্মত সেবা নিশ্চিতে একটি নীতিমালা তৈরির কথা জানানোর পাশাপাশি এই খাতের অপারেটরদের সঙ্গে সম্পর্ক আরো ভালো করার প্রত্যাশা করছেন বিটিআরসি চেয়ারম্যান জিয়া আহমেদ। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ১০ বছর পূর্তিতে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা কথা তুলে ধরেন তিনি। টেলিযোগাযোগ খাতে দেখভালে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ২০০১ সালে বিটিআরসি গঠন করে সরকার। নতুন প্রযুক্তি প্রচলনের মাধ্যমে কম খরচে মানসম্মত টেলিযোগাযোগ সেবা নিশ্চিতে পরের বছরের ৩১ জানুয়ারি প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিটিআরসি চেয়ারম্যান বলেন, গত ১০ বছরে বিটিআরসি স্বকীয়তা তৈরি করতে পেরেছে। বিনিয়োগের পরিবেশ তৈরি করেছে। টেলিযোগাযোগ খাতকে একটি সফল খাতে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। বর্তমানে গোটা দেশে মোবাইল নেটওয়ার্ক থাকার তথ্য তুলে ধরে তিনি বলেন, ২০০২ সালে মোবাইল ফোন গ্রাহক সংখ্যা ছিল ১১ লাখ, যা এখন ৮ কোটি ৬০ লাখ ছাড়িয়ে গেছে। ইন্টারনেট গ্রাহক সংখ্যাও ছাড়িয়ে গেছে ২ কোটি। মানসম্মত টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে একটি নীতিমালা (কোয়ালিটি অব সার্ভিস গাইডলাইন) তৈরি করা হয়েছে বলে জানান অবসরপ্রাপ্ত এই মেজর জেনারেল। টেলিযোগাযোগ খাত নিয়মশৃঙ্খলার মধ্যে আনতে বিটিআরসির তৎপরতার কথা তুলে ধরে তিনি বলেন, মোবাইল অপারেটররা আগে বিনা মূল্যে স্পেকট্রাম ব্যবহার করত, এখন লাইসেন্স নবায়নে এর ওপর ফি ধরা হয়েছে। অপারেটরদের সঙ্গে সম্পর্কে নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসির জটিলতার কথা স্বীকার করে জিয়া বলেন, “কিছু কিছু ব্যাপারে সমস্যা হতেই পারে। তবে রেগুলেটরি বডি ও অপারেটরদের সম্পর্ক ভালো রয়েছে এবং আরো ভালো হবে।” গত নভেম্বরে টু-জি লাইসেন্স নবায়ন নিয়ে চারটি অপারেটরের সঙ্গে বিটিআরসির টানাপোড়েন শুরু হয়, যা আদালত পর্যন্তও গড়ায়। অবৈধ কল টার্মিনেশনের জন্য বেসরকারি অপারেটরদের জরিমানা করা হলেও সরকারি প্রতিষ্ঠান বিটিসিএল ও টেলিটককে কেন এর আওতায় আনা হচ্ছে না- জানতে চাইলে বিটিআরসি চেয়ারম্যান বলেন, এ বিষয়ে তদন্ত চলছে এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে তা জানানো হয়েছে। গ্রামীণফোনের অডিট প্রক্রিয়া সম্পন্ন করা হলেও বাকি অপারেটরদের অডিট প্রক্রিয়া শুরু না হওয়ার বিষয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে একটি সিএ ফার্মকে নিয়োগ দেওয়া হয়েছে আরো কয়েকটি ফার্ম নিয়োগের প্রক্রিয়া চলছে। আগামী জুনে থ্রি-জি নিলাম তৃতীয় প্রজন্মের মোবাইল সেবা (থ্রিজি) এর উম্মুক্ত নিলাম আগামী জুনে অনুষ্ঠিত হবে জানিয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, এর নীতিমালা তৈরি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিটিআরসি আগেই জানিয়েছে, এ নিলামে বিদেশি অপারেটররাও অংশ নিতে পারবে। স্যাটেলাইট উৎক্ষেপণের প্রক্রিয়া শুরু দেশের প্রথম স্যাটেলাইট (উপগ্রহ) ‘বঙ্গবন্ধু-১’ উৎক্ষেপণ বাস্তবায়নের কাজ শুরু হয়েছে জানিয়ে জিয়া বলেন, পরামর্শক প্রতিষ্ঠান নির্বাচনের কাজ শেষ হয়েছে। শিগগিরই পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৬০০ ঘ.