ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমিছিলে গুলির ঘটনায় ‘নিরপেক্ষ’ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।
মঙ্গলবার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, “পুলিশ প্রশাসনের গঠিত কমিটি দিয়ে নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়। জজ সাহেব যদি সাক্ষী হন, তাহলে তদন্তের যে অবস্থা হবে, এক্ষেত্রেও তাই হবে। গণতান্ত্রিক মিছিলে জনগণের ওপর পুলিশের এভাবে গুলির ঘটনার তদন্তে অবশ্যই নিরপেক্ষ কমিটি করতে হবে।”
গত রোববার বিএনপির নেতৃত্বে চার দলের গণমিছিল চলাকালে লক্ষীপুর ও চাঁদপুরে চারজন মিছিলকারী পুলিশের গুলিতে নিহত হয়। সোমবার রাজশাহীতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় জামায়াতে ইসলামীর এক কর্মী।
চাঁদপুর ও লক্ষীপুরের ঘটনায় পুলিশ সদর দপ্তর একটি এবং দুই জেলার পুলিশ প্রশাসনের উদ্যোগে দুটি তদন্ত কমিটি করা হয়েছে।
এসব কমিটির কাছ থেকে নিরপেক্ষ তদন্ত পাওয়া যাবে না- এমন আশঙ্কা প্রকাশ করে জাতীয় প্রেসক্লাবের সামনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির মানববন্ধনে রফিকুল ইসলাম মিয়া বলেন, “মিছিলে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জের বদলে গুলিবর্ষণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। পুলিশের তদন্ত কমিটি পুলিশকের পক্ষে থাকবে। ওই তদন্ত কমিটির নিরপেক্ষভাবে কাজ করবে না।”
বর্তমান মহাজোট সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এই বিএনপি নেতা বলেন, “আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা জনগণের ওপর গুলি চালিয়ে এটা প্রমাণ করেছে। তারা অঘোষিতভাবে বাকশালী কায়দায় দেশ পরিচালনা করছে।”
পুঁজিবাজারে দরপতনের ঘটনায় একজন বিনিয়োগকারীর আত্মহত্যার জন্যও সরকারকে দায়ী করেন রফিকুল ইসলাম মিয়া।
তিনি বলেন, “৩৩ লাখ বিনিয়োগকারী অর্থ আওয়ামী লীগ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। সবাই সর্বস্ব হারিয়েছে। একজন বিনিয়োগকারী আত্মহত্যা করেছেন। সরকার মানুষের জীবন নিয়ে খেলা করছে।”
কাজী লিয়াকত আলী (৪০) নামের ওই বিনিয়োগকারী সোমবার রাজধানীর গোপীবাগে নিজের বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার স্বজনরা জানিয়েছেন, পুঁজি হারানোর পর থেকে মানসিক অস্থিরতায় ছিলেন তিনি।
রফিকুল ইসলাম মিয়া বলেন, বর্তমান ‘সংকট’ থেকে দেশকে উদ্ধার করতে হলে খালেদা জিয়ার নেতৃত্বে চলমান আন্দোলনে সবাইকে শরিক হতে হবে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং গণমিছিলে পুলিশের গুলিতে হতাহতের ঘটনার প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
এডিএনপি চেয়ারম্যান খন্দকার গোলাম মুর্তজার সভাপতিত্বে অন্যদের মধ্যে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামিক পার্টির সভাপতি আবদুল মবিন, এনডিপির মহাসচিব আলমগীর মজুদার, ন্যাশনাল পিপলস পার্টির মহাসচিব এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপ ভাসানীর মহাসচিব গোলাম মোস্তফা মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন।
বডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৩২০ ঘ.
bdnews24