ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে একটি ‘ওয়ান হেলথ’ প্রণয়নে রাজধানীতে বিশেষজ্ঞরা বৈঠক করেছেন।
মানুষসহ বিভিন্ন প্রাণী এভিয়ান ও প্যানডেমিক ইনফ্লুয়েঞ্জা, সার্স, অ্যানথ্রাক্স ও নিপাহ’র মতো সংক্রামক ব্যাধির হুমকিতে থাকে। তাই এ নীতিমালা প্রণয়ন করতে পারলে বিশ্বে কোনো দেশের ক্ষেত্রে তা প্রথম হবে।
জাতীয় এ নীতিমালা প্রণয়নে স্বাস্থ্য, মৎস্য ও প্রাণী সম্পদ এবং পরিবেশ মন্ত্রণালয়ের পাশাপাশি বিশ্ব খাদ্য সংস্থা (এফএও), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ইউনিসেফের মতো জাতিসংঘের সংস্থাগুলো পাঁচ দিনের এ সম্মেলনে অংশ নিচ্ছে।
‘ওয়ান হেলথ’ বাংলাদেশের সমন্বয়ক অধ্যাপক নিতিশ সি দেবনাথ বলেন, “এটা (ওয়ান হেলথ) একটি উপলব্ধি যে, মানুষ, প্রাণী ও পরিবেশের অন্যান্য উপাদান ওতোপ্রোতভাবে সম্পর্কিত।”
বিশেষ কোনো ব্যাধি বা ডিসিপ্লিনের ক্ষেত্রে পুরো প্রাণীজগতের ওপর গুরুত্ব দেওয়ার বিষয়ে পরিবর্তন আনাটাই তাদের লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।
বাংলাদেশে ইতোমধ্যে বেশ কয়েকবার বার্ড ফ্লু নামে পরিচিত এভিয়েন ইনফ্লুয়েঞ্জা, নিপাহ ও অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব হয়েছে।
পোল্ট্রি খামারে এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে এবং দেশের ৬৪টি জেলার মধ্যে ৫২টিতে এখনো বার্ড ফ্লুর সংক্রমণ রয়েছে।
২০১০ সালে ১৫টি জেলায় গরুর অ্যানথ্রাক্স রোগ দেখা দেয় এবং ছয়শ’র বেশি মানুষ এতে আক্রান্ত হয়।
বর্তমানে বাংলাদেশে আবারো নিপা ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে। এর মধ্যে জয়পুরহাট জেলায় খেজুরের রসের মাধ্যমে ছড়ানো এ রোগে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।
অধ্যাপক নীতিশ বলেন, গত ২৫ বছরে নতুন ৩৫টি রোগ শনাক্ত হয়েছে যার ৭৫ শতাংশই এক প্রাণী থেকে অন্য প্রাণীতে সংক্রমিত হয়।
তিনি বলেন, ১৯৯৭ সালে বিশ্বে প্রথম বার্ড ফ্লু, ১৯৯৯ সালে নিপা, ১৯৯৩ সালে হান্টাভাইরাস, ২০০২ সালে সার্স এবং ১৯৮০-এর দশকে প্রিয়ন ও এইচআইভি ভাইরাসের সংক্রমণ দেখা দেয়।
এর ওপর ভিত্তি করে আমরা বলতে পারি যে, প্রতি আট মাস অন্তর আমরা একটি নতুন ব্যধি পেয়েছি- এ মন্তব্য করে ‘ওয়ান গেলথ’ বাংলাদেশের সমন্বয়ক বলেন, এ কারণেই ওয়ান হেলথ অ্যাপ্রোচ গুরুত্বপূণ।
ইউনিসেফের স্বাস্থ্য বিষয়ক প্রধান ড. লিয়ানে কুপেনস বলেন, সংক্রামক ব্যধির প্রাদুর্ভাব ও পুনর্প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে একটি শক্তিশালী সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
স্বাস্থ্য সচিব মো. হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ নীতিমালার আলোকে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম নির্ধারিত হবে।
“কোনো রোগের প্রাদুর্ভাব হলে সে সময় কোন মন্ত্রণালয়ের কোন কাজ করতে হবে সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া থাকবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/পিডি/০১১৪ ঘ.
bdnews24