২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রসিকিউশনের ওপর আবারো ‘বিরক্ত’ ট্রাইব্যুনাল

ট্রাইব্যুনালে নিজেদের হাজির করা তথ্যের নথি ও পৃষ্ঠা নম্বর মিলাতে ব্যর্থ হওয়ায় ট্রাইব্যুনালের বিচারকদের আবারো ‘বিরক্তি’ উদ্রেক করেছে প্রসিকিউশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 07:48 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রাইব্যুনালে নিজেদের হাজির করা তথ্যের নথি ও পৃষ্ঠা নম্বর মিলাতে ব্যর্থ হওয়ায় ট্রাইব্যুনালের বিচারকদের আবারো ‘বিরক্তি’ উদ্রেক করেছে প্রসিকিউশন। তথ্যের নথি ও পৃষ্ঠা নম্বর মেলাতে আধা ঘণ্টা সময় দেওয়ার পরও প্রসিকিউশন তাতে ব্যর্থ হওয়ায় নির্ধারিত সময়ের অনেক আগেই সোমবারের কার্যক্রম মুলতবি করে ট্রাইব্যুনাল। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ছিলো ট্রাইব্যুনালের। একাত্তরে পিরোজপুরে হত্যা, ধর্ষণ, লুটতরাজ ও অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী ২০টি অভিযোগে সাঈদীকে অভিযুক্ত করা হয়েছে। প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী, বাংলা একাডেমির সহকারী গ্রন্থাগারিক মো. এজাবুদ্দিন মিয়ার (৩৯) এদিন আদালতে জব্দ করা সাঈদীর অপকর্মের কিছু নথির সত্যতা নিশ্চিত করার কথা ছিলো। কিন্তু আধাঘণ্টা বিরতির পরেও জব্দ করা এসব তথ্য-উপাত্ত নিয়ে প্রসিকিউশন আগের সমস্যায় পড়ে। নিজেদের উত্থাপন করা নথির পৃষ্ঠা নম্বর মিলাতে প্রসিকিউটররা ব্যর্থ হলে এক পর্যায়ে ট্রাইব্যুনালকে সহযোগিতায় এগিয়ে আসেন আসামি পক্ষের আইনজীবীরা। কোন বিষয়টিতে গুরুত্ব দেওয়া উচিত সে বিষয়ে ট্রাইব্যুনালের মনোযোগ আকর্ষণ করেন তারা। এর এক পর্যায়ে প্রসিকিউশনের উদ্দেশ্যে বিচারপতি একেএম জহির আহমেদ বলেন, “ডিফেন্স আমাদের সহযোগিতা করছে!” সাঈদীর বিরুদ্ধে অপরাধের প্রামাণিক দলিল হিসেবে বিবেচনায় নেওয়ার জন্য জব্দ করা একটি নথির পৃষ্ঠা নম্বর প্রসিকিউটর সাইদুর রহমান উল্লেখ করলে ট্রাইব্যুনাল চেয়ারম্যান নিজামুল হক তার কাছে জমা দেওয়া নথিতে প্রসিকিউটরের উল্লেখ করা পৃষ্ঠায় সে তথ্য পাননি। তখন সামনের ও পিছনের আরো কয়েকটি পৃষ্ঠা খোঁজাখুঁজি করেও সে তথ্য পেতে ব্যর্থ হন বিচারপতি হক। এ সময় সাইদুর রহমানের কাছে বিচারপতি জানতে চান পৃষ্ঠাগুলোর মিল থাকার বিষয়টি তিনি দেখেছেন কি না। সাইদুর রহমান ‘হ্যাঁ’ বললে বিচারপতি হক তখন তার কাছে পৌঁছে দেওয়ার জন্য বেঞ্চ কর্মকর্তার কাছে তার হাতে থাকা নথির ভলিউম তুলে দিয়ে বলেন, “আমাকে দেখান।” দুটি ভলিউম পরীক্ষা করে নিজের ‘ভুল’ ধরতে পেরে সহযোগিতার জন্য দ্রুত জ্যেষ্ঠ সহকর্মী সৈয়দ হায়দার আলীর দ্বারস্থ হন। হায়দার আলী তখন এদিনের জন্য সাক্ষ্যগ্রহণ ও ‘প্রামাণিক দলিল’ সনাক্তকরণ বন্ধের জন্য ট্রাইব্যুনালের কাছে আবেদন জানান। এদিন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য সাক্ষী মধুসূদন ঘরামিকে উপস্থিত করতে ব্যর্থ হয় প্রসিকিউশন। মঙ্গলবার তাকে হাজির করা হবে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালকে জানানো হয়। তখন মধ্যাহ্ন বিরতির প্রায় আধাঘণ্টা আগে ট্রাইব্যুনালের এ দিনের কার্যক্রম মুলতবি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/পিডি/০১৪৮ ঘ.