ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদের হিসাব বিবরণী চেয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়িকে দেওয়া দুর্নীতি দমন কমিশনের নোটিশ দুই মাস স্থগিত করেছে হাইকোর্ট।
তারেকের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে সোমবার বিচারপতি ফরিদ আহম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ এ আদেশ দেয়।
একইসঙ্গে ওই নোটিশের কার্যকারিতা কেন বাতিল ও বেআইনী ঘোষণা করা হবে না- তা জানাতে বলা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানসহ চার জনকে চার সপ্তাহের মধ্যে এর জবাব জানাতে বলা হয়েছে।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান। ইকবাল মান্দের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক ও ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন।
গত বছরের ২০ নভেম্বর সম্পদের তথ্য বিবরণী চেয়ে সৈয়দা ইকবাল মান্দ বানুকে নোটিশ দেয় দুদক। এই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি রোববার হাইকোর্টে রিট আবেদনটি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৯১৮ ঘ.
bdnews24