২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরাইলে নারী জনপ্রতিনিধিকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার এক নারী ভাইস-চেয়ারম্যানকে হয়রানি ও লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে সম্মিলিত নারী সমাজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 11:55 AM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার এক নারী ভাইস-চেয়ারম্যানকে হয়রানি ও লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে সম্মিলিত নারী সমাজ। সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে বক্তারা ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার নারীদের সঙ্গে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অংশ নেয়। নারী ভাইস-চেয়ারম্যান মাহমুদা পারভীন জানান, ২২ জানুয়ারি নিজ কার্যালয়ে কাজ করার সময় কুট্টাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা জাকির হোসেন তার প্রতি অশালীন মন্তব্য করেন। এর প্রতিবাদ করলে তাকে লাঞ্ছিত করেন জাকির। ওইদিনই তিনি বিষয়টি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুরকে জানান। কিন্তু কেনো প্রতিকার না পেয়ে ২৩ জানুয়ারি থানায় মামলা করেন। পারভীন আরো জানান, তাকে হয়রানির বিষয়টি জানালে উপজেলা চেয়ারম্যানের সামনেই জাকির তাকে আবারো লাঞ্ছিত করেন। জাকির উপজেলা চেয়ারম্যানের ভাতিজি জামাই হওয়ায় তিনি কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ করেন পারভীন। সম্মিলিত নারী সমাজের সরাইল উপজেলা সভানেত্রী মমিনা আক্তার জানান, জাকির প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অথচ পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। তার লোকজন এখন মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন মমিনা। এ ব্যাপারে জানতে চাইলে জাকির হোসেন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, মিথ্যা ঘটনা সাজিয়ে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর বলেন, যেহেতু মামলা হয়েছে, তাই পুলিশ বিষয়টি তদন্ত করবে। সরাইল থানার ওসি গিয়াস উদ্দিন বলেন, ঘটনা তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৪২ ঘ.