ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার্ক অঞ্চলে উন্নয়নের সম্ভাবনার বাস্তব রূপায়নে বাণিজ্য বাড়াতে আন্তঃযোগাযোগ বাড়ানোর ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার ঢাকায় সার্ক অর্থমন্ত্রীদের পঞ্চম বৈঠকের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, “আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আমাদের কাজ করতে হবে।”
“এ যোগাযোগের মাধ্যমেই এ অঞ্চলের ও এখানকার মানুষের সর্বোত উন্নয়ন ঘটবে,” বলেন প্রধানমন্ত্রী।
রাজধানীর একটি হোটেলে শুরু হওয়া এই বৈঠকে সার্কভুক্ত আটটি দেশের অর্থমন্ত্রীরা অংশ নিচ্ছেন। এই বৈঠকে সভাপতিত্ব করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
যুক্তরাষ্ট্র ও ইউরো অঞ্চলে অর্থনৈতিক সঙ্কট এবং সারা বিশ্বে তার বিরূপ প্রভাবের মধ্যেই সার্ক অর্থমন্ত্রীদের এই বৈঠক হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, “স¤প্রসারণশীল অর্থনৈতিক নীতি দীর্ঘ সময় ধরে টিকিয়ে রাখা কঠিন। এছাড়া জনগণের ওপর ঋণের বোঝাও বাড়ছে।”
বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির চাপ বেড়ে যাওয়া এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামা অর্থনীতিকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, “এই পরিস্থিতিতে সার্ককে সমন্বিত কার্যক্রম হাতে নিতে হবে।”
যত শিগগির সম্ভব বাণিজ্যে অশুল্ক বাধা দূর করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।
অর্থমন্ত্রী মুহিত অর্থনীতির অবনতির ঝুঁকিগুলো মনে করিয়ে দিয়ে তা সার্কভুক্ত দেশগুলোর অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে সতর্ক করেন।
তিনি বলেন, “রেমিট্যান্স আসার হার বা রপ্তানি খাতের বৃদ্ধির গতি ধীর হয়ে যেতে পারে। তেল আমদানির কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যেতে পারে।”
“অর্থনীতিকে অস্থিতিশীল করে এমন বিষয়গুলোকে চিহ্নিত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে সার্ক দেশগুলোকে,” বলেন মুহিত।
অর্থমন্ত্রীদের বৈঠকের আগে রোববার সার্ক দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বিষয়ে আলোচনা করেন দেশগুলোর অর্থসচিবরা। তাদের সুপারিশগুলো অর্থমন্ত্রীদের কাছে পৌঁছে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/কিউএইচ/এমআই/১৭৪০ ঘ.
bdnews24