২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জের ৪ খাল দখলমুক্ত করার নির্দেশ

মুন্সীগঞ্জের চার খাল দখলমুক্ত করে আগের অবস্থায় ফিরিয়ে নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 10:24 AM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের চার খাল দখলমুক্ত করে আগের অবস্থায় ফিরিয়ে নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে এ নির্দেশ দেয়। একইসঙ্গে খাল দখলের ঘটনায় জড়িতদের বিষয়ে তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৬ মার্চ পরবর্তী দিন ধার্য করে ওইদিন আদেশ বাস্তবায়নের অগ্রগতি আদালতকে জানাতে বলা হয়েছে। আদালতের আগের নির্দেশে উপজেলার মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলামসহ তলবকৃতরা আদালতে হাজির হয়। শুনানি শেষে এ আদেশ হয়। শহিদুল ইলামের পক্ষে এএম আমিনুদ্দিন এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন শুনানি করেন। গত ১৯ জানুয়ারি দৈনিক প্রথম আলোতে ‘মুন্সিগঞ্জে চার খাল দখল, ‘নয়নের খাল’ আর নয়ন জুড়ায় না!’ শীর্ষক একটি প্র্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি নজরে এলে আদালত স্বতপ্রণোদিত হয়ে রুল জারি করে। রুলে ভূমি দখলদারদের কাছ থেকে খালটি উদ্ধারের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। প্র্রতিবেদনে বলা হয়, মিরকাদিম পৌরসভায় নয়নের খাল, গোপপাড়া, রিকাবীবাজার ও ফেচন্নীর খাল দখল হয়ে যাচ্ছে। দখলের কারণে পৌরসভার গোপপাড়া খালের অস্তিত্ব আর নেই। এতে আরো উল্লেখ করা হয়, রিকাবীবাজার ইউনিয়ন ভূমি কার্যালয়ের তালিকায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতাসহ ১৫২ জন দখলবাজের নাম রয়েছে। তাদের মধ্যে ৮৮ জন রিকাবীবাজার, ৩৭ জন গোপপাড়া, ১৬ জন ফেচন্নী ও ১০ জন নয়নের খাল দখল করে বিভিন্ন স্থাপনা গড়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৬১৭ ঘ.