২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকমান হত্যা মামলায় রিমান্ডে নূরুল

নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বিএনপি নেতা মো. নূরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের হেফাজতে (রিমান্ড) পাঠিয়েছে আদালত, যাকে রোববার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 08:26 AM

Updated : 24 Aug 2022, 10:41 AM

নরসিংদী, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বিএনপি নেতা মো. নূরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের হেফাজতে (রিমান্ড) পাঠিয়েছে আদালত, যাকে রোববার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছিলো। সোমবার সকালে নুরুল ইসলামকে মুখ্য বিচারিক আদালতে হাজির করা হলে হাকিম নিতাই চন্দ্র সাহা জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের হেফাজত মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশীদ মণ্ডল এ তথ্য জানিয়েছেন। রোববার মালয়েশিয়া থেকে ফেরার পর পরই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় নরসিংদী সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক ও লোকমান হত্যা মামলার পাঁচ নম্বর আসামি মো. নূরুল ইসলামকে। জামিন শুনানিতে আদালত পুলিশের উপ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, নূরুল ইসলাম মেয়র লোকমান হোসেন হত্যার পরিকল্পনাকারী। হত্যাকাণ্ড ঘটানোর সব কার্যক্রম শেষে তিনি মালয়েশিয়ায় চলে যান। তাছাড়া এই আসামির হত্যায় জড়িত থাকার বিষয়ে অন্য আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। এ জন্য জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড প্রয়োজন। এর বিরোধিতা করে আসামিপক্ষের কৌঁসুলি নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আ. বাছেদ ভূইয়াসহ ১০/১২ আইনজীবী আদালকে বলেন, নূরুল ইসলামকে লোকমান হত্যায় সঙ্গে জড়িয়ে হয়রানি করা হচ্ছে। তাছাড়া হত্যাকাণ্ডের সময় সে মালয়েশিয়ায় অবস্থান করছিলো। দুই পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করে। এদিন এ মামলায় গ্রেপ্তারকৃত আসামি আশরাফুল সরকারকেও আদালতে হাজির করা হয়। জামিন শুনানি শেষে আদালত তাকে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে বলে জানান মামুন। গত বছরের ১ নভেম্বর নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান মুখোশধারীদের গুলিতে নিহত হন। লোকমানের ভাই কামরুজ্জামান ১৪ জনকে আসামি করে যে হত্যা মামলা দায়ের করেন তাতে নূরুল ইসলামই একমাত্র বিএনপি দলীয় নেতা। এই মামলায় ডাক ও টেলিযোগযোগ মন্ত্রী রাজি উদ্দিন আহমদে রাজুর ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চু, একান্ত সহকারী (এপিএস) মুরাদসহ অধিকাংশই আওয়ামী লীগ নেতাকর্মী। মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশীদ মণ্ডল জানান, লোকমান হত্যা মামলায় এ পর্যন্ত ২৪ আসামি গ্রেপ্তার হয়েছেন বা আত্মসমর্পণ করেছেন। এর মধ্যে এজাহারভুক্ত এক আসামিসহ ৯ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। টাকায় মিলছে জবানবন্দির কপি আদালতে আসামিদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি অতি গোপনে সংরক্ষণ করার কথা থাকলেও মামলার অভিযোগপত্র দাখিলের আগেই তা আদালত পাড়ায় মিলছে ১০০ থেকে ২০০ টাকায়। মামলার আসামি নাজমুল হাসান শরীফ ওরফে কিলার শরীফের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ফটোকপি সোমবার বিক্রি হতে দেখা গেছে। এ বিষয়ে মেয়র লোকমানের স্ত্রী তামান্না নূসরাত বুবলী জানান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজি উদ্দিন আহমেদ রাজুর ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চু এ মামলার প্রধান আসামি। মন্ত্রীর ভাইকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য যা যা করা দরকার, তাই করছে তদন্ত সংস্থা। বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৭০৭ ঘ.