২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতে খুন: ব্লাড-মানি জমা হচ্ছে ব্যাংকে

কুয়েতে খুনের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া তিন প্রবাসী বাংলাদেশির পরিবার সোমবার ২টার মধ্যে ব্যাংকে জমা দেবে ক্ষতিপূরণের (ব্লাড-মানি) ২১ লাখ টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 07:15 AM

Updated : 24 Aug 2022, 10:41 AM

মুন্সীগঞ্জ, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়েতে খুনের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া তিন প্রবাসী বাংলাদেশির পরিবার সোমবার ২টার মধ্যে ব্যাংকে জমা দেবে ক্ষতিপূরণের (ব্লাড-মানি) ২১ লাখ টাকা। সিঙ্গাইরের তাহের আলীর ছেলে মহিদুল (৪৫) ২০১০ সালের ১৬ এপ্রিল কুয়েতে খুন হন। এ ঘটনায় তার স্ত্রী আনোয়ারা বেগম কুয়েতে মামলা করলে সেখানকার আদালত মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাগবাড়ি বিবন্ধী গ্রামের ইকবাল ঢালী (২৫), তার ভাই হৃদয় ঢালী (২৩) এবং কুমিল্লার হোমনার রবিউলের ছেলে রমজানকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের পর থেকেই রমজান ও ঢালীর পরিবারের পক্ষ থেকে মৃত্যুদণ্ড মওকুফের জন্য চেষ্টা শুরু হয়। কিন্তু কুয়েতের আইন অনুযায়ী, কেবল নিহতের পরিবার ক্ষমা করলেই সেখানকার সরকার দণ্ড মওকুফ বা লাঘব করতে পারে। বৃহস্পতিবার সিঙ্গাইর উপজেলা প্রশাসনের উপস্থিতিতে মহিদুলের পরিবার ২১ লাখ টাকায় তিন আসামিকে ক্ষমা করতে রাজি হয়। সে অনুযায়ী সোমবার ২টার মধ্যে সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা চেয়ারম্যানের যৌথ একাউন্টে ওই টাকা জমা দেওয়ার কথা। ওই সিদ্ধান্ত অনুযায়ী রোববার ন্যাশনাল ব্যাংকের সিঙ্গাইর শাখায় উপজেলার চেয়ারম্যান মুফিকুর রহমান হান্নান ও ইউএনও নাসরিন সুলতানার নামে একটি যৌথ হিসাব খোলা হয়েছে। ইউএনও নাসরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার বেলা ২টার মধ্যেই হিসাবে দণ্ডপ্রাপ্তদের পরিবার ২১ লাখ টাকা জমা করবেন। এর পরই কুয়েতে খুন হওয়া মহিদুরের পরিবার ক্ষমা চুক্তিতে স্বাক্ষর করবেন।” এরই মধ্যে কুয়েত দূতাবাসের সঙ্গে কথা বলে ক্ষমা চুক্তি তৈরি করা হয়েছে। নিহত মহিদুলের বাবা প্রায় ২০ বছর এবং মা প্রায় ১৫ বছর আগে মারা গেছেন; তার প্রথম স্ত্রী অন্যত্র সংসার করছেন। তাই মহিদুরের মেয়ে রাজনীন বেগম (২১) ক্ষমা চুক্তিতে স্বাক্ষর করবেন বলে জানান নাসরিন সুলতানা। এদিকে কুয়েতে অবস্থানরত মহিদুলের দ্বিতীয় স্ত্রী আনোয়ারা বেগম তার স্বামীর হত্যাকাণ্ড এবং ক্ষমা চুক্তি নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদকের সঙ্গে কয়েক দফা কথা বলেছেন। তিনি জানান, দেশের ভাবমূর্তির কথা চিন্তা করে তিনি স্বামীর হত্যাকারীদের ক্ষমা করতে রাজি হয়েছেন। তবে ক্ষমার টাকার হকদার হিসাবে নিজের অংশও দাবি করেছেন তিনি। এর আগে এক মিশরীয় নিরাপত্তকর্মীকে হত্যার দায়ে গত ৭ অক্টোবর সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রকাশ্যে আট বাংলাদেশির শিরচ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে পৃথক খুনের মামলায় দুই বাংলাদেশির শিরচ্ছেদের দণ্ড মওকুফে নিহতদের পরিবারকে রাজি করানোর চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৩১১ ঘ.