২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কারারক্ষীর গুলিতে শিশু নিহত

কারারক্ষী পুলিশদের প্রশিক্ষণের সময় ছোঁড়া গুলিতে কুমিল্লার বরুড়া উপজেলায় তিন বছরের এক শিশু নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 04:56 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

কুমিল্লা, ২৯ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারারক্ষী পুলিশদের প্রশিক্ষণের সময় ছোঁড়া গুলিতে কুমিল্লার বরুড়া উপজেলায় তিন বছরের এক শিশু নিহত হয়েছে। রোববার দুপুরে দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নের মাটিয়ারা গ্রামে বাড়ির উঠানে খেলার সময় বুলেট বিদ্ধ হয় সাইমুন হাসান জিহাদ (৩)। সে মাটিয়ারা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। ঘটনাকে দুভার্গ্যজনক উল্লেখ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কারা উপ-মহাপরিদর্শক মো. ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশুটি যেখানে নিহত হয়েছে তা ফায়ারিং প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রায় তিন কিলোমিটার দূরে। “প্রশিক্ষণের আগের দিন ও প্রশিক্ষণের দিন আমরা নিজস্ব লোক দিয়ে ফায়ারিং প্রশিক্ষণ কেন্দ্রের আশপাশে মাইকিং করে জনসাধারণকে সর্তক করে দিয়েছি,” বলেন তিনি। তিনি জানান, এতদূরে গিয়ে কিভাবে গুলিটি শিশুর মাথায় আঘাত করল তা খতিয়ে দেখা হচ্ছে। রোববার সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড়ে জেলা কারারক্ষী পুলিশের প্রশিক্ষণ চলছিল। এ সময় একটি গুলি এসে জিহাদের মাথায় বিদ্ধ হয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বরুড়া থানার ওসি এস এম বদিউজ্জামান বলেন, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি জিডি করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে বরুড়া থানার নির্বাহী কর্মকর্তা, থানার ওসি এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের কারা উপ-মহাপরিদর্শক ঘটনাস্থল পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২৫১ ঘ.