চট্টগ্রাম, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে রাজনৈতিক সমস্যার সমাধানে দলগুলোর মধ্যে অর্থবহ সংলাপের ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডব্লিউ গিবসন।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে চলমান রাজনৈতিক অস্থিরতা প্রসঙ্গে রোববার তিনি বলেন, এ সমস্যা সমাধানের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে গ্রহণযোগ্য ও কার্যকর সংলাপ হতে হবে।
“এর মধ্য দিয়ে পরিবেশ তৈরি হবে এবং তারা শান্তিপূর্ণ সমাধানের দিকে যেতে পারে।”
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে রাজনৈতিক দলগুলোর এ সংলাপ জরুরি বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সব রাজনৈতিক দল একসঙ্গে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন।
রোববার বিকালে চট্টগ্রাম নগরীর এক হোটেলে সংবাদ সম্মেলনে গিবসন বলেন, “যুক্তরাজ্য বাংলাদেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ দেখতে চায়।”
সা¤প্রতিক সময়ে বাংলাদেশে জঙ্গিবাদী তৎপরতা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি তেমন উদ্বেগজনক নয়। কারণ এদেশের মানুষের গণতান্ত্রিক মূল্যবোধ এখন আগের চেয়ে অনেক উন্নত।
ব্রিটিশ হাই কমিশনার রোববার সকালে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান কমডোর এম আনোয়ারুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি বন্দরের উন্নয়নে সহযোগিতার আশ্বাসও দেন। এছাড়া তিনি চট্টগ্রাম চেম্বারের পরিচালকমণ্ডলির সঙ্গে পৃথক বৈঠক করেন।
ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে চট্টগ্রামে প্রথম সফরে রবার্ট ডব্লিউ গিবসন এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এর আগে ২০০২ থেকে ২০০৫ পর্যন্ত ডেপুটি হাই কমিশনার হিসেবে গিবসন এদেশে কাজ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/পিডি/২২২৭ ঘ.
bdnews24