ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরাক নদীর টিপাইমুখে ভারতের প্রস্তাবিত বাঁধ ও জলবিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশে সম্ভাব্য প্রভাব খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের একটি তালিকা করছে সরকার।
তারা দুদেশের যৌথ সমীক্ষা দলে থাকবেন বলে রোববার সংসদে জাতীয় পার্টির এমপি নূর এ হাসনা লিলির এক প্রশ্নের জবাবে বলেন পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন।
তিনি বলেন, প্রস্তাবিত এ প্রকল্পের বাংলাদেশে সম্ভাব্য প্রভাব খতিয়ে দেখতে একটি যৌথ সমীক্ষার জন্য প্রতিনিধি দল গঠনে ভারতের কাছে ইতিমধ্যে প্রস্তাব পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত নভেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভাটির দেশ হিসেবে বাংলাদেশ বরাকের মতো অভিন্ন নদীতে কোনো ধরনের হস্তক্ষেপের আগে যথাযথ আলোচনার ওপর বিশেষ গুরুত্ব দেয়।
বরাক নদীতে একটি জলবিদ্যুৎ প্রকল্প ও টিপাইমুখ বাঁধ নির্মাণে স¤প্রতি ভারতের কয়েকটি রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে মণিপুর রাজ্য সরকার।
পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এ প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাতেও ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণলায়।
গত নভেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি ভারত বলে, টিপাইমুখে ১৫০০ মেগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্পে পানি প্রত্যাহার করা হবে না। তাই বাংলাদেশের ওপর এ প্রকল্পের কোনো নেতিবাচক প্রভাবও পড়বে না।
ভারতের মণিপুর রাজ্যের চুরাচাঁদপুর জেলায় বরাক নদীতে প্রস্তাবিত বহুমুখী এ প্রকল্পের মূল উদ্দেশ্য জলবিদ্যুৎ উৎপাদন। এছাড়া ভাটি অঞ্চলে বন্যা নিয়ন্ত্রণও এ প্রকল্পের লক্ষ্য। ভারতের অর্থনীতি বিষয়ক সরকারি মন্ত্রিপরিষদ কমিটির ছাড়পত্র পাওয়ার সাড়ে সাত বছরের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ করার কথা রয়েছে।
বাংলাদেশে প্রকল্পটি সমালোচিত। মণিপুরেও এ প্রকল্পের বিরোধিতা রয়েছে।
তাদের আশঙ্কা বরাক নদীতে বাঁধ হলে তা বাংলাদেশে সুরমা ও কুশিয়ারায় পানির প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে।
প্রধান বিরোধী দল বিএনপিসহ ক্ষমতাসীন মহাজোটের শরিকরাও এ প্রকল্প বাতিলের দাবি জানিয়ে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/১৯৩৯ ঘ.
bdnews24