বরগুনা, ২৯ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার আমতলী উপজেলায় চাওড়া নদীর উপর নির্মিত সুবন্ধি বাঁধ কেটে দেওয়ার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী।
রোববার বিকালে তালুকদারহাটের ইউনিয়ন সংযোগ সড়কে আধঘণ্টা স্থায়ী প্রায় দুই কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে আমতলী, চাওড়া ও হলদিয়া ইউনিয়নের কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা জানান, ১৯৬৮ সালে পানি উন্নয়ন বোর্ড নদীটির উত্তর শাখা অংশের সুবন্ধি এলাকায় একটি এবং ১৯৮১ সালে আমতলী অংশে আরেকটি বাঁধ নির্মাণ করে।
এক পর্যায়ে চাওড়া নদীতে পানি প্রবাহ বন্ধ হয়ে গেলে এলাকাবাসীর দাবির মুখে ১৯৯০ সালে উপজেলা প্রশাসন সুবন্ধী বাঁধটি কেটে দেয়। এরপর প্রায় ১৮ বছর স্থানীয় লোকজন বিভিন্ন কাজে নদীর পানি ব্যবহার করছে। পণ্য পরিবহনের কাজও হয়।
কিন্তু ২০০৯ সালে পানি উন্নয়ন বোর্ড আবার সুবন্ধি এলাকায় বাঁধ নির্মাণ করে।
এতে নদীটির ৩০ কিলোমিটার জুড়ে পানি প্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে কচুরিপানায় ভরে গেছে। নদীর পানি পচে ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, এ বিশাল জলাশয় থেকে শুষ্ক মৌসুমে কৃষকরা যেমন জমিতে সেচ দিতে পারছে না তেমনি বর্ষা মৌসুমেও জলাবদ্ধতার শিকার হচ্ছে। নদীর পচা পানি দিয়ে গৃহস্থালীসহ কোনো কাজই করা যায় না। এতে ছড়িয়ে পড়ছে নানা ধরনের চর্মরোগ।
মানববন্ধন শেষে তালুকদার হাটে সমাবেশে বক্তব্য দেন, উপজেলা নাগরিক ফোরামের সদস্য রফিক উদ্দিন আহমেদ, আমতলী ডিগ্রি কলেজের প্রভাষক আনোয়ার হোসেন, চাওড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান মো. মহসীন প্রমুখ।
অবিলম্বে সুবন্ধি বাঁধ কেটে নদীর পানি প্রবাহ ফিরিয়ে না আসলে হরতালসহ বৃহত্তর আন্দোলন করার হুমকি দেওয়া হয় সমাবেশে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৯৪৪ ঘ.
bdnews24