২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গার্মেন্টসে আগুন, আহত ১৫

গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানায় আগুন ধরলে হুড়োহুড়ি করে নামার সময় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 11:58 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

গাজীপুর, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানায় আগুন ধরলে হুড়োহুড়ি করে নামার সময় অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার সকালে শ্রীপুর পৌর এলাকায় ‘তাকওয়া লিবাস’ নামের পোশক কারখানায় এই আগুন ধরে। গাজীপুর ও ভালুকা দমকল বাহিনীর দুটি ইউনিট প্রায় ১ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে রয়েছেন- আল আমীন (২২), মনিরুজ্জামান (২৪), সাহাদাত হোসেন (২৬), মাজহারুল ইসলাম (২২), রুবেল (২০), মিলন (২০), জাহাঙ্গীর আলম (১৯), সাগর (৩৮) ও কারখানার প্রশাসনিক মহাব্যবস্থাপক মো. পারভেজ (৫৩)। বাকিদের নাম জানা যায়নি। আহতদের মধ্যে ছয় জনকে মাওনা চৌরাস্তা আল হেরা হাসপাতাল ও আল হেরা মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে। কয়েকজন শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল পৌনে ১১টার দিকে কারখানাটির ৬ষ্ঠ তলা ভবনের পঞ্চম তলায় কাটিং শাখায় ঝুটে আগুন লাগে। হুড়োহুড়ি করে পাঁচতলা থেকে নামার সময় এবং আগুন নেভাতে গিয়ে ১৫ জন আহত হন। গাজীপুর দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক মো. রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানার ৫ম তলায় রাখা ঝুটে প্রথম আগুন লাগে। সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. সালমান সাংবাদিকদের তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৭৪৬ ঘ.