ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কুলের রচনা বইয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসাবে উল্লেখ করায় বইয়ের লেখক, প্রকাশক, সম্পাদকসহ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানকে তলব করেছে হাইকোর্ট।
মো. এহসানুল হক নামের এক ব্যক্তির রিট আবেদনে রোববার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়।
সপ্তম ও অষ্টম শ্রেণীতে পাঠ্য ‘প্রগতি নিু মাধ্যমিক বাংলা ব্যাকরণ ও রচনা’ নামের ওই বইয়ে স্বাধীনতার ঘোষক নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার কারণ ব্যাখা করতে বইটির লেখক রতন সিদ্দিকী, প্রকাশক মো. তাফাজ্জল হোসেন, দুই সম্পাদক ড. শফিকুদ্দিন আহমেদ ও ড. মুহাম্মদ আব্দুল জলিল এবং এনসিটিবি চেয়ারম্যানকে আগামী ২ ফেব্র“য়ারি আদালতে হাজির থাকতে বলা হয়েছে।
আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী বেলাল হোসেন জয় এবং আওলাদ হোসেন। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন।
আওলাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বইয়ের এক জায়গায় বলা হয়েছে, ২৬ মার্চ মেজর জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। অথচ তিনি ওই সময়ে মেজর ছিলেন। অন্য জায়গায় বলা হয়েছে, তিনি (জিয়া) ২৭ মার্চ বঙ্গবন্ধুর পক্ষ থেকে স্বাধীনতা ঘোষণা করেছেন।”
“এ ধরণের দ্বিমুখী ও বিভ্রান্তিকর তথ্যে ভবিষ্যত প্রজন্মের ক্ষতি হচ্ছে”, যোগ করেন তিনি।
সারা দেশ থেকে ওই বইয়ের সব কপি ১৫ দিনের মধ্যে প্রত্যাহার করে আদালতে প্রতিবেদন দিতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছে আদালত।
একইসঙ্গে বইটির প্রকাশ ও বিতরণ কেন বেআইনী ঘোষণা করা হবে না এবং বাজেয়াপ্তের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানাতে বলেছে আদালত।
ফৌজদারি ও দেওয়ানী আইনে বিবাদীদের কেন বিচারের মুখোমুখি করা হবে না, তাও জানাতে বলেছে আদালত। পাঁচ বিবাদী এবং শিক্ষাসচিবকে আগামী দুই সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
স্বাধীনতার ঘোষক কে তা নিয়ে দীর্ঘ বিতর্কের পর ২০০৯ সালের ২১ জুন হাইকোর্ট এক রায়ে মীমাংসা করে দেয় যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/জেকে/১৫৫০ ঘ.
bdnews24