ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার নবাবগঞ্জে ডাকাত সন্দেহে এক যুবককে পিটিয়ে মেরেছে গ্রামবাসী।
শনিবার রাত ২টার দিকে যন্ত্রাইল ইউনিয়নের চর খলসী গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই গ্রামের রিমন বিশ্বাসের বাড়িতে ডাকাতি শেষে যাওয়ার পথে গ্রামবাসী ধাওয়া দিয়ে একজনকে ধরে পিটুনি দিলে ঘটনাস্থলেই মারা যায় সে।
ডাকাতদের অস্ত্রের আঘাতে রিমন বিশ্বাসসহ ওই বাড়ির আরো কয়েকজন আহত হয়েছেন বলে তিনি জানান।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গণপিটুনিতে নিহত যুবকের পরিচয় জানা যায়নি। তার কাছে কোনো অস্ত্র ও লুন্ঠিত হওয়া মালামাল পাওয়া যায়নি।
ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১২১২ ঘ.
bdnews24