২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তবুও প্রস্তুত পুলিশ

পুলিশের নিষেধাজ্ঞা জারির পর আওয়ামী লীগ ও বিএনপি’র রোববারের কর্মসূচি না থাকলেও পুলিশ প্রস্তুত থাকবে যথারীতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2012, 07:19 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের নিষেধাজ্ঞা জারির পর আওয়ামী লীগ ও বিএনপি’র রোববারের কর্মসূচি না থাকলেও পুলিশ প্রস্তুত থাকবে যথারীতি। রোববার ভোর থেকে তারা দায়িত্ব পালন করবে। শনিবার রাতেই পুলিশের এই কর্মসূচি সংশ্লিষ্ট বিভাগগুলোতে পৌঁছে গেছে বলে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে।। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপি ও আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে পুুলিশ যে দায়িত্বের ছক করেছিল এই দুই রাজনৈতিক দল নিজেদের কর্মসূচির পরিবর্তন করলেও পুলিশের ছকে কোনো পরিবর্তন হয়নি। তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলোর কর্মসূচিকে সামনে রেখেই পুলিশ প্রস্তুত রয়েছে, যদিও পুলিশ নিষেধাজ্ঞা আরোপের পর দলগুলোর কর্মসূচির পরিবর্তন ঘটেছে। বিএনপির রোববারে গণমিছিলের পাল্টা রাজনৈতিক কর্মসূচি হিসেবে একই দিন বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভার কর্মসূচি দেয় আওয়ামী লীগ। এ প্রেক্ষিতে রাজধানীতে রোববার সব ধরনের মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ। বিএনপি গণমিছিলের তারিখ বদলানোর পর রোববার জনসভা না করার কথা জানায় আওয়ামী লীগও। তবে তাদের জনসভা কবে হবে, তা ঠিক হয়নি। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, রোববারের কর্মসূচি ঘিরে রাজধানীতে প্রায় তিন হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেক থাকবে বিএনপি ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় ঘিরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/পিডি/০০৩০ ঘ.