চট্টগ্রাম, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ জানতে পেরেছে, নিহতের বোনকে বিয়ে করতে না পারার ক্ষোভ থেকে এই অপরাধ সংঘটিত হয়েছে।
বন্দর নগরীর হাজারি গলির গহনা ব্যবসায়ী রতন দেবনাথ খুনের চার মাস পর শনিবার এই হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরে পুলিশ। হাজির করা হয় খুনের অভিযোগে গ্রেপ্তার তিন জনকেও।
তারা হলেন- চন্দন ধর (২০), শ্রীধাম ধর (২১) ও উত্তম দাশ (২০)। তিন যুবকই নগরীর হাজারী গলির বিভিন্ন সোনার গহনার দোকানে কাজ করেন। তাদের বাড়ি কক্সবাজারের বণিক পাড়া ও চট্টগ্রামের সাতকানিয়ায়।
তারা পুলিশকে জানিয়েছেন, বাসু নামে রতনের এক বন্ধুই এই হত্যাকাণ্ডের হোতা। রতনের বোনকে বিয়ে করতে না পেরে এবং আর্থিক লেনদেন নিয়ে বিবাদের কারণে বাসু এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, আর এতে সহায়তা করেছিলেন তারা।
গত বছরের ৩ সেপ্টেম্বর রতন (২২) খুন হন। ঘটনার চার দিন পর তার লাশ আনোয়ারার পারকি সৈকতে পাওয়া যায়। ওই সময় পরিচয় না মেলায় লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।
হত্যাকাণ্ডে জড়িত বাসু ছাড়াও উজ্জ্বল নামে অন্য এক যুবক পলাতক বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি অঞ্চল) আব্দুল্লাহ আল মাহমুদ সাংবাদিকদের বলেন, “ধারদেনা ও বিয়ে সংক্রান্ত কারণে রতন খুন হয়। বন্ধুরাই তাকে হত্যা করেছে। তারা পুলিশের কাছে বিষয়টি স্বীকারও করেছে।”
তিনি জানান, গত দুই দিন ধরে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চন্দন, শ্রীধাম ও উত্তমকে গ্রেপ্তার করা হয়।
চন্দন সাংবাদিকদের বলেন, “রতনের বোনকে পছন্দ করতো বাসু। তার অন্যত্র বিয়ে ঠিক হওয়ার পর বাসু আমাদের সবাইকে নিয়ে ৩ সেপ্টেম্বর রাত ১০টার দিকে হাজারি গলি থেকে বের হয়।
“এরপর রতনকে আনোয়ারার পারকি সমুদ্র সৈকতে নিয়ে তার পেটে ছুরি চালিয়ে তাকে খুন করে বাসু। পরে সবাই মিলে লাশটি সৈকতের পাশে একটি খালের অল্প পানিতে বালি চাপা দিয়ে চলে আসি।”
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস খান জানান, রতন নিখোঁজ হওয়ার পর তার মা বাদি হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে তদন্তে বন্ধুদের সম্পৃক্ততা উঠে আসার পর এই হত্যাকাণ্ডের রহস্যভেদ হয়।
পুলিশ কর্মকর্তা মাহমুদ জানান, হত্যার সঙ্গে জড়িত অন্য দুজনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমআই/২১২৫ ঘ.
bdnews24