২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাগ্নিকে হত্যার দায়ে মামার মৃতুদণ্ড

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী সাদিয়া নওশীন প্রিয়াঙ্কাকে (১৭) হত্যার দায়ে তার আপন মামা জাহিদুল হক রিন্টুকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 08:49 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী সাদিয়া নওশীন প্রিয়াঙ্কাকে (১৭) হত্যার দায়ে তার আপন মামা জাহিদুল হক রিন্টুকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রোববার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোতাহার হোসেন এ রায় দেন। ২০০৭ সালের ১৮ জুলাই সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১২টার মধ্যে ৫৩৬/১ পেয়ারাবাগ, নয়াটোলার বাসায় প্রিয়াঙ্কাকে ওড়না দিয়ে পেঁচিয়ে হত্যা করা হয়। মামলার নথি থেকে জানা গেছে, আপন মামা হওয়া সত্ত্বেও রিন্টু প্রিয়াঙ্কাকে উত্যক্ত করতো। একপর্যায়ে তাকে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করা হয়। ঘটনা জেনে প্রিয়াঙ্কার বাবা বাড়ি থেকে বের করে দিলে ক্ষিপ্ত হয়ে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয় রিন্টু। পরে ১৮ জুলাই নয়াটোলার বাসায় একা পেয়ে প্রিয়াঙ্কাকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের বাবা বাংলাদেশ বর্ডার গার্ডের হিসাব রক্ষক মো. সুলতান ফারুক বাদী হয়ে রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০০৯ সালের ২৭ জুন এ মামলায় রিন্টুকে একমাত্র আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়। সে সময় রিন্টুর বয়স ছিলো ২৮ বছর। রায়ে নিহতের বাবা মো. সুলতান ফারুক এবং মা সামসুন্নাহার সন্তোষ প্রকাশ করেছেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন, এ আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর এস এম রফিকুল ইসলাম এবং এ আদালতের সাবেক বিশেষ পাবলিক প্রসিকিউটর সরদার শহিদুল ইসলাম । এ মামলায় মোট ২৬ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএম/এএল/১৪৪০ ঘ.