মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশন নির্ধারিত সময়ে ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন করতে ‘অপারগতা’ প্রকাশ করায় নির্বাচনের সময়সীমা ও প্রশাসকের মেয়াদ বাড়িয়ে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন সংশোধন করা হচ্ছে।
এক্ষেত্রে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বিধানটি সংশোধন করে ১৮০ দিনে করার একটি প্রস্তাব মন্ত্রিপরিষদের সভায় উপস্থাপনের জন্য পাঠিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এতে প্রশাসকের মেয়াদও ৯০ দিনের বদলে ১৮০ দিন করার কথা বলা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইনটিতে আবার সংশোধন আনতে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছি। মন্ত্রিসভায় অনুমোদন পেলে প্রক্রিয়া শেষে তা সংসদে উপস্থাপন করা হবে।”
“ঢাকা সিটি করপোরেশন বিভক্তির ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান থাকলেও ইসি তা করতে পারলো না, বা করল না। এ কারণেই সময় বাড়াতে সংশোধনী আনতে হচ্ছে”, ব্যাখ্যা দেন তিনি।
সংশোধন আকারে আইনটি পাস হলে আগামী মে মাসের মধ্যে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন করতে হবে। এ সংক্রান্ত প্রস্তাবটি মন্ত্রিসভার আগামী বৈঠকে উপস্থাপন করা হতে পারে বলে আশা প্রকাশ করেন স্থানীয় সরকার সচিব।
ঢাকা সিটি করপোরেশনকে ভেঙে উত্তর ও দক্ষিণ- নামে আলাদা দুটি কর্পোরেশন করে গত ৩০ নভেম্বর স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) আইন, ২০১১ বিলটি সংসদে পাস হয়। এতে বলা হয়, পুরনো ও বিভক্ত সিটি কর্পোরেশনে ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে, আর নতুনের ক্ষেত্রে এ সময়সীমা ১৮০ দিন।
আইনে সরকারের ‘পছন্দের’ উপযুক্ত ব্যক্তিকে প্রশাসক নিয়োগেরও সুযোগ রাখা হয়। তবে প্রশাসকের মেয়াদ রাখা হয় ৯০ দিন। নিযুক্ত প্রশাসক কোনোভাবে একাধিকবার দায়িত্ব পালন করতে পারবে না।
রাষ্ট্রপতি এ আইনে সম্মতি দেওয়ার পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে খলিলুর রহমানকে ও ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রশাসক হিসেবে খোরশেদ আলম চৌধুরীকে নিয়োগ দেয় সরকার।
এদিকে ৯০ দিনের মধ্যে নির্বাচনের বিধান থাকায় ফেব্র“য়ারির মধ্যে বিভক্ত ডিসিসির নির্বাচন করার বাধ্যবাধকতা দেখা দেয়। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা সময় স্বল্পতাসহ তিনটি কারণ দেখিয়ে বিদায়ী ইসির পক্ষে এ নির্বাচন আয়োজনে অপারগতা প্রকাশ করেন। গত ডিসেম্বরেই চিঠি দিয়ে বিষয়টি স্থানীয় সরকার বিভাগকে জানিয়ে দেয় ইসি।
ইসি এ অবস্থান নেওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বর্তমান ইসি নয়, আগামী ইসির অধীনেই বিভক্ত ডিসিসির নির্বাচন হবে।
নির্বাচনের প্রস্তুতি
১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে আইন সংশোধন করার উদ্যোগকে স্বাগত জানিয়ে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন জানান, ৯০ দিনের মধ্যে বিদায়ী ইসি নির্বাচনটি করতে না পারলেও সব প্রস্তুতি রেখে যাওয়া হচ্ছে। ইতোমধ্যে সরকারকে এ বিষয়টি অবহিত করা হয়েছে।
তিনি বলেন, “প্রস্তাবিত ভোট কেন্দ্র, ভোটার তালিকাসহ অন্তত ১০টি প্রস্তুতিমূলক কাজ ইসির কর্মকর্তাদের এগিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। যথাসময়ে কাজ শেষ করে মে মাসের মধ্যে নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না।”
এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্র“য়ারির মাঝামাঝি সময়ে। নতুন ইসি নিয়োগে এরইমধ্যে একটি অনুসন্ধান কমিটি গঠন করেছেন রাষ্ট্রপতি।
দায়িত্বে এসেই বিভক্ত ডিসিসির নির্বাচন করা আগামী ইসির জন্য একটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন সাখাওয়াত হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউ/জেকে/১৬১৫ ঘ.
bdnews24