২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপালে বিদ্যুৎ কেন্দ্র হলে সমস্যা নেই: পিডিবি

পরিবেশগত ছাড়পত্র পাওয়ার আগেই সুন্দরবনের পাশে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগে ‘সমস্যার’ কিছু দেখছেন না বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এ এস এম আলমগীর কবীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2012, 09:05 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশগত ছাড়পত্র পাওয়ার আগেই সুন্দরবনের পাশে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগে ‘সমস্যার’ কিছু দেখছেন না বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান এ এস এম আলমগীর কবীর। দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত ১২ জন নাগরিক সুন্দরবনের কাছে ওই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানানোর পর পিডিবি চেয়ারম্যান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা ঠিক যে এখনো এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট (ইআইএ) হয়নি। তবে প্রাথমিক পর্যবেক্ষণ থেকে আমরা পরিবেশগত সমস্যার কিছু দেখছি না। পরিবেশ দূষণ ও প্রতিবেশ যাতে নষ্ট না হয় সে ব্যাপারে সর্তক থেকেই কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রর নির্বাহী পরিচালক সুলতানা কামাল, বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানসহ ১২ জন বিশিষ্ট নাগরিক রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ বাতিলের আহ্বান জানিয়ে শুক্রবার এক বিবৃতি দেন। ওই বিদ্যুৎ কেন্দ্রের জন্য অন্য কোথাও স্থান নির্বাচনের পরামর্শ দিয়ে তারা বলছেন, বনের পাশে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। বাগেরহাটের রামপালে ১ হাজার ৩০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক এ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য রোববার রাজধানীর বিদ্যুৎ ভবনে ভারতের রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান ন্যাশনাল থারমাল পাওয়ার কোম্পানির (এনটিপিসি) সঙ্গে পিডিবির চুক্তি সই হওয়ার কথা রয়েছে। সুন্দরবনের ক্ষতির আশঙ্কা এবং কৃষি জমি রক্ষায় পরিবেশবিদদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরোধিতা করছে। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিবেশগত ছাড়পত্র এখনো দেওয়া হয়নি। শুধু লোকেশন ক্লিয়ারেন্স (অবস্থানগত ছাড়পত্র) ইআইএ সম্পন্ন হলে তারপর পরিবেশগত ছাড়পত্র দেওয়া হবে। যদি ইআইএ দেখে অধিদপ্তর যথাযথ মনে না করে তবে ছাড়পত্র দেওয়া হবে না।” ইআইএ কমিটির সদস্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইজাজ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইআইএ সম্পন্ন না হওয়া পর্যন্ত পরিবেশগত দিক নিয়ে মন্তব্য করা সমীচীন হবে না। কি প্রযুক্তি ব্যবহার হবে এবং কি ধরনের কয়লা ব্যবহার হবে তার উপর নির্ভর করছে পরিবেশ ও প্রতিবেশের বিষয়টি। এ ব্যাপারে এখনো স্পষ্ট করে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি।” শুক্রবারের বিবৃতিদাতাদের একজন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই কেন্দ্র নির্মাণে পরিবেশ অধিদপ্তর যে অবস্থানপত্র দিয়েছে, সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশের ওপর কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সম্ভাব্য প্রভাব নিয়ে তাতে কোনো রকম আলোকপাত করা হয়নি।” তিনি দাবি করেন, “সুন্দরবনের পাশে ‘দূষণকারী’ একটি বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠলে তা সুন্দরবনের পরিবেশ এবং রয়েল বেঙ্গল টাইগারসহ বনের জীববৈচিত্র্যকে হুমকি মুখে ঠেলে দেবে। পাশাপাশি সুন্দরবনের মাটির গুণগত মান কমবে, প্রাণীদের প্রজনন ক্ষমতা কমবে, নদী দূষণ হবে এবং উদ্ভিদের বিকাশ বাধাগ্রস্ত হবে।” তবে পিডিবি চেয়ারম্যানের দাবি, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে রক্ষায় জাতীয় ও আন্তর্জাতিক সব ধরনের নিয়ম মেনেই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। সুন্দরবনের ক্ষতি হয় এমন কিছু সেখানে করা হবে না। প্রায় দুই বছর আগে এ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে তা পিছিয়ে যাওয়ায় এখন চুক্তি করা হচ্ছে জানিয়ে আলমগীর কবীর বলেন, “শিগগিরই ইআইএ সম্পন্ন হবে, এজন্য একটি কমিটি কাজ করছে।” এ কেন্দ্র নির্মাণের জন্য গত বছরের ৩০ অগাস্ট এনটিপিসির সঙ্গে সমঝোতা স্মারকে সই করে সরকার। এনটিপিসি এবং পিডিবির যৌথ উদ্যোগে এ কেন্দ্রের জন্য ইতোমধ্যে মংলা সমুদ্র বন্দরের কাছে ১ হাজার ৮৩৪ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। বর্তমানে দিনাজপুরের বড়পুকুরিয়ায় ২৫০ মেগাওয়াট ক্ষমতার একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে, যার জ্বালানি আসে বড়পুকুরিয়া কয়লা খনি থেকে। তবে রামপালের বিদ্যুৎ কেন্দ্রটি চলবে আমদানিনির্ভর কয়লা দিয়ে। এ বিদ্যুৎ কেন্দ্রে এনটিপিসি এবং পিডিবির সমান অংশীদারিত্ব থাকবে জানিয়ে আলমগীর কবীর বলেন, “২০১৫ সালের মধ্যে এ কেন্দ্র থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের আশা করছি।” দেশে বর্তমানে ৭ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে দৈনিক বিদ্যুতের গড় উৎপাদন ৫ হাজার মেগাওয়াটেরও কিছু বেশি। ২০১৬ সালের মধ্যে বিদ্যুতের উৎপাদন প্রায় ১৫ হাজার মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনার অংশ হিসেবে সরকার এ পর্যন্ত ৪৯টি বিদু্যুৎ কেন্দ্র নির্মাণে চুক্তি করেছে। এর মধ্যে ১৭টি দ্রুত ভাড়াভিত্তিক, তিনটি ভাড়াভিত্তিক, ১১টি আইপিপি (ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার) এবং ১৮টি সরকারি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসইউ/জেকে/১৪৫৫ ঘ.