গাজীপুর, জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলায় তিনটি পাটের গুদামে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কাশিমপুরের বড় ভবানীপুর এলাকায় ‘ফাতেমা আলিয়াফ তালা-ই জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র গুদামে শুক্রবার দুপুরে আগুন ধরে। রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে কারখানার তিনটি গুদামের প্রায় ৪০ হাজার মণ পাট পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে কারখানার ৮-১০ জন শ্রমিক আহত হয়েছেন।
এতে অন্তত ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষ দাবি করছে।
কারখানার নির্বাহী পরিচালক নওশের উদ্দিন আহম্মেদ বলেন, বেলা পৌনে ১২টায় কারখানার তিনটি গুদামের একটিতে আগুন লাগে। পরে অপর দুটিতেও ছড়িয়ে পড়ে।
সাভার ইপিজেড ও কালিয়াকৈর দমকলের দুইটি দলের পাঁচটি গাড়ি রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, আগুন নেভাতে গিয়ে কারখানার শ্রমিক মিজান, জিয়া, শহিদুল, মনির হোসেন, আল আমিন, রুবেলসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সাভার ইপিজেড দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা আক্তারুজ্জামান লিটন বলেন, অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা সম্ভব হয়নি। রাত সাড়ে ১০টার দিকেও আগুন পুরোপুরি নেভানো যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৪ ঘ.
bdnews24