নারায়ণগঞ্জ, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মজয়ন্তী উপলক্ষে নারায়ণগঞ্জে চলছে তিন দিনব্যাপী রবীন্দ্র নাট্য উৎসব।
সার্ধশত রবীন্দ্র জয়ন্তী পরিষদের আয়োজনে শহরের চাষাঢ়া জিয়া হল মিলনায়তনে এ উৎসব শুরু হয় বৃহস্পতিবার।
শুক্রবার সন্ধ্যায় উৎসবের দ্বিতীয় দিন পরিষদের প্রযোজনায় এবং জিয়াউল ইসলাম কাজলের নির্দেশনায় পরিবেশিত হয় নাটক রক্তকরবী। দ্বিতীয় দিন উৎসবে প্রচুর দর্শক সমাগম হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় নাট্য উৎসবের উদ্বোধন করবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। ওইদিন মৌলভীবাজারের নাট্যদল মনিপুরী থিয়েটার পরিবেশন করে নাটক ‘দেবতার গ্রাস’।
দ্বিতীয় দিন উৎসবে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল থিয়েটার অব অর্গানাইজেশনের সভাপতি ও নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।
উৎসবের তৃতীয় দিন শনিবার ‘শান্তি’ নাটক পরিবেশন করবে সিরাজউদ্দোলা নাট্যদল।
আলোচনা সভায় রামেন্দু মজুমদার বলেন, আজ থেকে ৫০ বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা আমাদের মতো করে পাই। রাষ্ট্র যখন তার বিপক্ষে অবস্থান নেয় তখন আমরা প্রতিবাদ ও প্রতিরোধের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথের সঙ্গে পরিচিত হই। আজকের বাস্তবতায় রবীন্দ্রনাথকে তেমনভাবেই উপলবদ্ধি ও আবিষ্কার করতে হবে।
উৎসবের আয়োজক নারায়ণগঞ্জ সার্ধশত রবীন্দ্র জয়ন্তী পরিষদের সমন্বয়কারী রফিউর রাব্বি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৫ বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ ভাস্কর্য স্থাপনের মধ্যে দিয়ে সার্ধশত জন্মবর্ষিকীর কর্মসূচির সূচনা হয়। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত নারায়ণগঞ্জ হাইস্কুলে, যেখানে রবীন্দ্রনাথকে ১৯২৬ সালে সংবর্ধনা জানানো হয়, তার ভাস্কর্য স্থাপন করা হয়। এর ধারাবাহিকতায় রবীন্দ্র চলচ্চিত্র উৎসব, রবীন্দ্র চিত্রকলা প্রদর্শনী, রবীন্দ্র মেলা, রবীন্দ্র বর্ষার গান, রবীন্দ্র উৎসব, রবীন্দ্র নৃত্য ও নাট্য এবং রবীন্দ্র নাট্য উৎসবের আয়োজন করা হয়।
আগামী ২৫ বৈশাখ ১৪১৯ এই বছরব্যাপী কর্মসূচি শেষ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২১ ঘ.
bdnews24