জয়পুরহাট, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের সংবাদ প্রচার করায় জয়পুরহাটে এক সাংবাদিককে আওয়ামী লীগের লোকজন মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার দুপুরে কালাই উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ হামলায় আহত হন চ্যানেল আইয়ের জয়পুরহাট প্রতিনিধি ও জেলা প্রেসক্লাব সভাপতি শফিউল বারী রাসেল।
তাকে জয়পুরহাট সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
রাসেল বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। এরপর কালাই পৌরসভা মেয়র ও আওয়ামী লীগ নেতা তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল ও সমর্থকরা তাকে হুমকি দেন।
তিদনি বলেন, দুপুরে চা পান করতে কালাই বাসস্ট্যান্ড গেলে মেয়র বেলাল ও তার লোকজন তাকে ঘেরাও করে কিল-ঘঁুিষ মারতে থাকে। আমি মাটিতে পড়ে গেলে লাথি মারে।
কালাই থানার ওসি মোকলেছুর রহমান বলেন, বিষয়টি তিনি শুনেছেন। অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।
এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল মারধরের কথা অস্বীকার করে সাংবাদিকদের বলেন, তেমন কিছুই হয়নি। সামান্য ধাক্কাধাক্কি হয়েছে মাত্র।
বৃহস্পতিবার কালাইয়ে এক ইউপি সদস্যকে মারধরের জেরে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ওসিসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১১ ঘ.
bdnews24