২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যেন ফিরলাম হারানো সেই দিনে’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের পুনর্মিলনীতে পুরনোদের স্মৃতিকাতরতা ছিল ক্যাম্পাসজীবন নিয়ে, আর নতুনদের উচ্ছ্বাস ছিল পুর্বসূরিদের পেয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2012, 03:17 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিএসসি মাঠের ঘাসগুলো মনে হয় আগে আরো সবুজ ছিল- টিএসসি প্রাঙ্গণে চারদিকে চোখ রেখে বললেন সাবেক এক শিক্ষার্থী। সেই সঙ্গে ফিরে গেলেন নিজের ‘সবুজ’ জীবন রোমন্থনে। তার মতো অনেকে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সমবেত হয়ে নিজেদের হারিয়ে ফেলা সেই সময় খুঁজেছেন। তাদের এই প্রয়াসের পথ করে দিয়েছিল ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটি। বিশ্ববিদ্যালয়ের এই বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা হয়ে উঠেছিল টিএসসি। যারা অংশ নিয়েছিলেন তারা বলছেন, ২৬তম পুনর্মিলনীর এই অনুষ্ঠান নতুন-পুরাতনের সেতুবন্ধন হয়ে উঠেছিল। ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটির এই বছরের পুনর্মিলনীর দিনটি ছিল একইসঙ্গে বিভাগ প্রতিষ্ঠার ৯০ বছর পূর্তির। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শুরু থেকেই ইংরেজি বিভাগের যাত্রা শুরু হয়। ১৯৫২ সালে ইংরেজি বিভাগে ভর্তি হয়ে ১৯৫৭ সালে এই বিভাগেরই শিক্ষক হওয়া অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী স্মৃতিচারণে বলেন, “আগে বিভাগে শিক্ষার্থী ছিলো কম। বর্তমানে শিক্ষার্থী অনেক বেশি হলেও পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ না থাকায় তারা লেখাপড়ায় আগ্রহ হারিয়ে ফেলছে।” “আমাদের সময়ে কোনো রাজনৈতিক উৎপাত ছিল না। তখন ছাত্র রাজনীতি হতো কোনো একটি আদর্শকে ধারণ করে। এর মধ্যে দেশপ্রেমই মুখ্য ছিল। বর্তমানে এ ছাত্র রাজনীতি আদর্শ থেকে বিচ্যুত হয়ে দলীয় লেজুড়বৃত্তিতে পরিণত হয়েছে,” ছাত্র রাজনীতির বর্তমান চিত্র দেখে মন্তব্য অবসরপ্রাপ্ত এই শিক্ষকের। বিভাগের সাবেক শিক্ষার্থী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, রাশেদা কে চৌধুরী, অ্যালামনাই সোসাইটির বিদায়ী সভাপতি হারুণ অর রশীদ ছিলেন পুনর্মিলনী অনুষ্ঠানে। ছিলেন সৈয়দ মনজুরুল ইসলাম, সদরুল আমিনসহ বিভাগের শিক্ষকরাও। স্মৃতির পথ হাতড়ে এখনকার আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা বলেন, “আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম ১৯৬৭ সালে। তখন øাতক (সম্মান) ছিলো তিন বছরের। আমাদের সময় বিশ্ববিদ্যালয় এবং দেশের পরিস্থিতি অনেক অন্য রকম ছিলো।” “এখন অনেক কিছুর পরিবর্তন হলেও অনেক দিন পরে আবারো পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়ে সেই পুরনো দিন ফিরে পেয়েছি,” বলেন তিনি। পুরনো প্রিয়মুখগুলোকে দেখে একই কথা বলেন সিরাজুল ইসলাম চৌধুরীও- “অনেকদিন পরে পুরনো অনেকের সঙ্গে দেখা হয়ে বেশ ভালো লাগছে।” সাবেক শিক্ষার্থী তৌফিক ইমরোজ খালিদী তার সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা স্মরণ করে বলেন, “এত দিন পর এখানে এসে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায়। আমার চোখের সামনে অনেক কিছু ঘটেছে, যা এখন ইতিহাস।” “ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সাহসী হতে শিখিয়েছে। আমরা যতটুকু শ্রেণীকক্ষে শিখেছি, তার চেয়ে বেশি শিখেছি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ থেকে,” বলেন এখনকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক তৌফিক খালিদী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে ইংরেজি বিভাগকে বিনামূল্যে তারবিহীন ইন্টারনেট সেবা (ওয়াই ফাই) দেওয়ার ঘোষণা দেন তিনি। আগামী এক বছরের জন্য ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটির নতুন যে কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে এই দিন, তার সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন তৌফিক খালিদী। ২৫ সদস্যের এই কমিটির সভাপতি হয়েছেন নন্দন গ্র“পের চেয়ারম্যান মাশরুর চৌধুরী। মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুইঞা, পরিকল্পনা কমিশনের সদস্য মাসুদ আহমেদ, তথ্যসচিব হেদায়েত উল্লাহ আল মামুন, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, অধ্যাপক ফখরুল আলম, রেবেকা হক এই কমিটিতে রয়েছেন। অনুষ্ঠানে সচিব মাসুদ আহমেদ ও পুলিশপ্রধান হাসান মাহমুদ গান গেয়ে সবাইকে চমকে দেন। ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদও ছিলেন অনুষ্ঠানে। দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে বিভাগের প্রয়াত শিক্ষক অধ্যাপক কবীর চোধুরীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে ২০০৯-১০ শিক্ষাবর্ষে øাতকোত্তর পর্যায়ে কৃতিত্বের জন্য বিভাগের শিক্ষার্থী মো. হারুনকে স্বর্ণপদক দেওয়া হয়। সাবেক শিক্ষার্থী ইশতিয়াক মজিদ বিভাগের উন্নয়নে ২০ লাখ টাকা দেন। ১৯৮৬ সালের ডিসেম্বরে ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটি যাত্রা শুরু হয়। তারপর থেকে প্রতিবছর জানুয়রি মাসের শেষ শুক্রবার পুনর্মিলনীর আয়োজন করে আসছে এই সংগঠনটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচএ/এএইচ/এমআই/২১১০ ঘ.