২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে মাদক আর নিরাময়ের ‘ব্যবসা’

নারায়ণগঞ্জে পুলিশের নাকের ডগায় বিক্রি হচ্ছে মাদক। আর আসক্তি নিরাময়ে গজিয়ে উঠছে নিত্য নতুন ক্লিনিক। দুইয়ে মিলে জমজমাট ‘ব্যবসা’ চলছে নতুন এই সিটি কর্পোরেশনে। জানাচ্ছেন মজিবুল হক পলাশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2012, 06:18 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

মজিবুল হক পলাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি নারায়ণগঞ্জ, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে পুলিশের নাকের ডগায় দেদারসে বিক্রি হচ্ছে মাদক। আর আসক্তি নিরাময়ে গজিয়ে উঠছে নিত্য নতুন ক্লিনিক। দুইয়ে মিলিয়ে জমজমাট ‘ব্যবসা’ চলছে নতুন এই সিটি কর্পোরেশনে। শহরের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে দেখা যায়, অন্তত ৩৫টি স্থানে নিয়মিত মাদকের কেনাবেচা চলে। আর নেশার টাকা জোগাতে পাল্লা দিয়ে বাড়ছে ছিনতাই, চুরিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। এই শহরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র রয়েছে ১২টি। নগরবাসীর বলছেন, পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই মাদকের বিস্তার রোধ করা যাচ্ছে না। তাছাড়া ধরা পড়লেও সহজেই জামিন হয়ে যাওয়ায় মাদকের কারবারিদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। শহরের চাষাড়া রেললাইন বস্তি, চাঁদমারী বস্তি, বালুরমাঠ, গলাচিপা-উকিলপাড়া রেললাইন, জামতলা, হংস হলের পুল, মণ্ডলপাড়া পুল, জিমখানা বস্তি, মাছুয়াপাড়া, আমলাপাড়া, মাসদাইর, ইসদাইর, বাবুরাইল, দেওভোগ, জল্লারপাড়, পাইকপাড়া, বেপারীপাড়া, ভূঁইয়ার বাগ, জিউসপুকুর পাড়, নন্দিপাড়া, নাগবাড়ী, হাজীগঞ্জ, পাঠানতলী, কোতালেরবাগ, সস্তাপুর, র‌্যালি বাগান, ডনচেম্বার, ব্যাংক কলোনি, খানপুর, তল্লা, কেন্দ্রীয় বাস টার্মিনাল, নিতাইগঞ্জ এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচা হয়। শহর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন বলেন, “নারায়ণগঞ্জে মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। কাদের ছত্রছায়ায় মাদক ব্যবসা চলছে তা সবাই জানলেও ভয়ে কেউ মুখ খুলতে সাহস পান না।” বুধবার ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের পূর্ব পাশের চাঁদমারী এলাকায় গিয়ে দেখা যায়, নতুন কেউ সেখানে ঢুকলেই মাদক বিক্রেতারা শিস দিচ্ছেন। নেশাদ্রব্য কিনে কেটে পড়ছেন আসক্তরা। জেলা পুলিশ সুপারের কার্যালয়ের ঠিক পেছনের এই স্থানটি স্থানীয়দের কাছে ‘নেশার হাট’ বলেই পরিচিত। এখান থেকে নতুন কোর্ট পর্যন্ত এলাকায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যবসা চলে বলে অভিযোগ পাওয়া গেছে। শহরের ইসদাইর নতুন কোর্ট এলাকার বাসিন্দা সরকারি কর্মকর্তা আবুল হাশেম জানান, লিংকরোডের চাঁদমারী এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি হয়। পুলিশ তাদের কিছু বলেও না। একই কথা বললেন শহরের উত্তর চাষাঢ়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী নূরে ইয়াছিন নোবেল ও শফিকুল ইসলাম। তাদের অভিযোগ, পুলিশ সুপারের কার্যালয়ের পাশের এই ‘নেশার হাটে’ প্রকাশ্যে মাদক বিক্রি হলেও এ ব্যাপারে পুলিশের কার্যকর কোনো উদ্যোগ নেই। পুলিশের সহায়তা ছাড়া প্রকাশ্যে মাদক বিক্রি সম্ভব নয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মী নারু জানান, প্রতিদিন সকালে শহরের প্রধান সড়কের পাশের ড্রেনগুলিতে ফেনসিডিলের শত শত খালি অথবা ভাঙা বোতল পাওয়া যায়। অবশ্য জেলার পুলিশ সুপার শেখ নাজমুল আলমের দাবি, এটা সামলানো পুলিশের কাজ নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাজ। পুলিশ তাদের কাজে সহায়তা করছে।” মাদকের বিস্তার রোধে অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গত ডিসেম্বরে ৭ দিনব্যাপী অভিযান চলেছে। এ মাসের ২৬ তারিখ থেকে ৭ দিনব্যাপী বিশেষ অভিযান চলছে। এদিকে শহরে মাদকের এই ভয়াবহতায় উদ্বিগ্ন অভিভাবকরা। মাদকাসক্ত সন্তানদের তারা পাঠাচ্ছেন বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রে। সেখানে ‘চিকিৎসা’ যেমনই হোক, আসন পাওয়া দুস্কর। অনেকেই অভিযোগ করেছেন নিরাময়ের নামে এসব ক্লিনিকগুলো ব্যবসার ফাঁদ পেতে বসেছে। প্রত্যেকের জন্য ৩০-৪০ হাজার টাকা খরচ হলেও চিকিৎসা যথাযথ না হওয়ায় অনেকেই আবারো ফিরে যাচ্ছেন নেশার পথে। অবশ্য এ অভিযোগ অস্বীকার করছেন নিরাময় কেন্দ্রের সঙ্গে যুক্তরা। লিংকরোডের পাশে ফতুল্লার লামাপাড়ার মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্র ‘প্রয়াস’ এর ব্যবস্থাপক কবির হোসেন জানান, তাদের এখানে সব ধরনের মাদকসেবীই চিকিৎসা নিতে আসে। তবে উচ্চবিত্ত আর মধ্যবিত্তদের সংখ্যাই বেশি। ব্যবসার জন্য নয়, মাদকাসক্তি নিরাময় সেবা দিতেই এ ক্লিনিক পরিচালনা করা হচ্ছে বলে দাবি করেন তিনি। কবির জানান, তাদের ক্লিনিকে নিরাময়ের জন্য তিন মাসের চিকিৎসা দেওয়া হয়। সব সময়ই গড়ে ৩০/৩৫ জন থাকে। অনেকে বাসায় থেকেও চিকিৎসা নেন। শহরের কিল্লারপুর এলাকার ‘বাঁধন’ ও জামতলা এলাকার ‘অশ্র“’ কর্তৃপক্ষও জানিয়েছে, মাদকাসক্তির চিকিৎসায় অভিভাবকরা সন্তানদের জন্য তিন মাসে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা করে খরচ করেন। এসব কেন্দ্রে আসা আসক্তদের মধ্যে তরুণের সংখ্যাই বেশি বলে জানান ফতুল্লার ভুঁইগড় জালকুড়ি এলাকার ‘দীপ্তি’ চিকিৎসাকেন্দ্রের কর্মকর্তা সোহরাব হোসেন। সোহরাব স্বীকার করেন, চিকিৎসা নেওয়ার পরও অনেকে আবার মাদকাসক্ত হয়ে পড়েন। তবে এর জন্য অভিভাবকদের অযতœ ও অসচেতনতাকেই দায়ী করেন তিনি। নতুন এ সিটি কর্পোরেশনের প্রথম মেয়র সেলিনা হায়াৎ আইভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি সবসময়ই মাদকের বিরুদ্ধে সোচ্চার। এ বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে বলেও জানান তিনি। “আগে থেকেই মাদকের বিরুদ্ধে আমার অবস্থান, এখনো আমি সে অবস্থানেই আছি।” শহরের বিভিন্ন স্পটে মাদক বিক্রির বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “এসপি সাহেবকে জিজ্ঞাসা করেন। তিনি ভালো বলতে পারবেন।” এ বিষয়ে পুলিশ সুপার শেখ নাজমুল আলম জানান, গত মাসে ১৭১টি মামলায় অনেক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হলেও তাদের অধিকাংশই জামিনে বেরিয়ে এসে আবারো নেশার ব্যবসায় জড়িয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/জেকে/১২০৫ ঘ.