২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীর যুগ্ম জেলা জজের সংযুক্তির আদেশ স্থগিত

ফেনীর যুগ্ম জেলা জজ আবুল হোসেন খন্দকারকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার আদেশ স্থগিত করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2012, 01:52 PM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর যুগ্ম জেলা জজ আবুল হোসেন খন্দকারকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। একটি আবেদনে বৃহস্পতিবার বিচারপতি ফরিদ আহাম্মেদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ এ আদেশ দেয়। একটি নির্বাচনী ট্রাইব্যুনালে রায় দেওয়ার পর গত বছর আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ উঠে। পরে এ বিষয়ে আইনমন্ত্রণালয় তদন্ত করে। গত ২৫ অগাস্ট তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। এই প্রতিবেদনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন আবুল হোসেন খন্দকার। ১৬ অক্টোবর হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করে। ওই রিটটি বিচারাধীন থাকা অবস্থায় গত ২৪ জানুয়ারি দেওয়া এক চিঠিতে উক্ত বিচারককে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়। এই আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন আবুল হোসেন। শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্ট ওই চিঠির কার্যক্রম স্থগিত করে দেয়। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারক এখনো ফেনীতে যুগ্ম জেলা জজ হিসাবে কর্মরত আছেন। শুনানিতে তিনি বলেন, “মাসদার হোসেন মামলার রায় ও বিচার বিভাগ স্বাধীন হওয়ার পর সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া অধস্তন আদালতের কোন বিচারকের বিরুদ্ধে কোন তদন্ত বা পদক্ষেপ গ্রহণের সুযোগ নেই। এরপরও আইন মন্ত্রণালয় বেআইনীভাবে তদন্ত করে উক্ত বিচারকের বিরুদ্ধে অভিযোগ এনেছেন।” “অন্যদিকে তদন্ত প্রতিবেদন আদালতের বিবেচনাধীন থাকা অবস্থায় এর ওপর ভিত্তি করে পরবর্তীতে আরো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যা বেআইনী এবং অকার্যকর”, যোগ করেন মনজিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৯৫০ ঘ.