জয়পুরহাট, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ শিশুর পর জয়পুরহাটে এক যুবক নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ নিয়ে মারা গেছেন।
শহরের গুলশান মোড় এলাকার ওই যুবক বৃহস্পতিবার জয়পুরহাট হাসপাতালে মারা যান। তিনি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন।
জয়পুরহাটের সিভিল সার্জন ডা. মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই ব্যক্তি কয়েক দিন আগে খেজুরের রস ও কুল খাওয়ার পর প্রচণ্ড জ্বর ও মাথা ব্যথা নিয়ে বুধবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন।
তিনি অজ্ঞান হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান জয়পুরহাটের চিকিৎসক। রংপুর নেওয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়।
তার মৃত্যু নিপা ভাইরাসে কি না, তা পরীক্ষা করতে নমুনা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট, আইইডিসিআর-এ পাঠানো হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আরো তিন শিশুর রক্ত পরীক্ষার জন্য ঢাকায় আইইডিসিআর-এ পাঠানো হয়েছে।
আইইডিসিআর গত মঙ্গলবার নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যুর কথা নিশ্চিত করে। তারা জয়পুরহাট পৌরসভা ও ক্ষেতলাল উপজেলার বাসিন্দা।
গত বছর নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে লালমনিরহাট জেলায় অন্তত চার জনের মৃত্যু হয়েছিল। শীতের সময় বাদুড় থেকে খেজুর রসের মাধ্যমে এই ভাইরাসটি মানবদেহে ছড়ায়।
নিপা ভাইরাস আক্রান্তদের জ্বরসহ মাথা ব্যথা হয়, খিচুনি ও বমি হয়, রোগী অজ্ঞানও হয়ে যেতে পারে।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, নিপা ভাইরাস ছড়ায় মূলত বাদুড়ের মাধ্যমে। বাংলাদেশে সাধারণত ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। এই সময়টাতেই খেঁজুরের রস সংগ্রহ করা হয়। আর বাদুড় গাছে বাঁধা হাড়ি থেকে রস খাওয়ার চেষ্টা করে বলে ওই রসের সঙ্গে তাদের লালা মিশে যায়।
সেই বাদুড় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকলে এবং সেই রস খেলে মানুষের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে এ ভাইরাস। আক্রান্ত মানুষ থেকে মানুষেও ছড়াতে পারে এ রোগ।
সংক্রমণ এড়াতে বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে- খেঁজুরের কাঁচা রস না খাওয়া, কোনো ধরনের আংশিক ফল না খাওয়া, ফলমূল ভালো করে ধুয়ে খাওয়া, আক্রান্ত রোগীর সংস্পর্শে এলে হাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/১৯১৯ ঘ.
bdnews24