২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ

দুর্নীতি দমন কমিশনকে (দুদক) শক্তিশালী করে অনিষ্পন্ন মামলা দ্রুত নিষ্পত্তি করার তাগিদ দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2012, 12:27 PM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনকে (দুদক) শক্তিশালী করে অনিষ্পন্ন মামলা দ্রুত নিষ্পত্তি করার তাগিদ দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, “এখন দুদকের মামলাগুলো বছরের পর বছর তা ঝুলে থাকে। এতে দুদকের কর্মকাণ্ড গতিহীন হয়ে পড়েছে।” জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন সংক্রান্ত বৈঠকে অংশগ্রহণ শেষে স্পিকার সাংবাদিকদের এ কথা বলেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মশিউর রহমানের সভাপতিত্বে এ বৈঠক হয়। মুক্তিযুদ্ধের পর থেকে হওয়া দুর্নীতি এবং সংসদ সদস্যদের অবৈধ সম্পদ অর্জনের শ্বেতপত্র প্রকাশে নির্বাচনী প্রতিশ্র“তি প্রসঙ্গে জানতে চাইলে স্পিকার বলেন, “শুধু সংসদ সদস্যদের দুর্নীতি ও অবেধ সম্পদ অর্জনের কথা বলা হয়নি। সবার কথাই বলেছি। কিন্তু এটা আমার কাজ নয়। এ বিষয়ে সরকারকেই উদ্যোগ নিতে হবে।” জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন সংক্রান্ত সভা বিষয়ে আবদুল হামিদ বলেন, আমরা বৈঠকে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়নের বিষয়ে আলোচনা করেছি। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বক্ষেত্রে দুর্নীতি রোধ করতে এ কৌশলপত্র অনেক কাজে দেবে। বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা ও জনপ্রশাসন সচিব আবদুস সোবহান সিকদারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রধান ও ১০ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৮২৪ ঘ.