চট্টগ্রাম, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাংচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৪৭ শিক্ষার্থীকে অব্যাহতি দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়া এ আদেশ দেন।
২০১০ সালে বর্ধিত বেতন ফি বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ভাংচুর ও কাজে বাধা দেওয়ার অভিযোগে হাটহাজারী থানায় মামলাটি হয়।
অব্যাহতি পাওয়া শিক্ষার্থীরা হলেন- ইতিহাস বিভাগের শিক্ষার্থী তবারক হোসেন, সুজন আহমেদ ও রাহাত হোসেন, দর্শন বিভাগের শফিকুল ইসলাম, ইংরেজি বিভাগের তসলিম হোসেন ও আরাফাতুল ইসলাম, অর্থনীতি বিভাগের প্রবাল মজুমদার, দীপংকর ঘোষ, আইন বিভাগের ওবাথোয় মারমা, চারুকলা ইনস্টিটিউটের আসাদ আল হোসাইনসহ বিভিন্ন বিভাগের আরো ৩৭ শিক্ষার্থী।
বর্ধিত বেতন ফি বিরোধী আন্দোলনের আহ্বায়ক ও অব্যাহতি পাওয়া শিক্ষার্থী তবারক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামালায় শুরুতে ৭৪ জন শিক্ষার্থীর নাম উল্লেখ করে আরো ১৫০ অজ্ঞাত জনকে আসামি করা হয়েছিল। গত বছর ৪৭ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেওয়া হয়।
বর্ধিত বেতন ফি প্রত্যাহারের দাবিতে ২০১০ সালের ২ অগাস্ট শিক্ষার্র্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ওই সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চবির বিভিন্ন অনুষদসহ পুরো ক্যাম্পাসে ভাংচুর চালায়।
সংঘর্ষে ২০ পুলিশ সদস্য ও অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়। ভাংচুরের ঘটনায় ২৬০ জনকে আটক করে পুলিশ।
এ ঘটনায় মোট পাঁচটি মামলা হয় শিক্ষার্থীদের বিরুদ্ধে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮০৬ ঘ.
bdnews24