ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েনিটফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল কাদেরের বিরুদ্ধে কেন মামলা করেছিলেন তার কারণ জানাতে পুলিশের এক এসআইকে হাজির হতে বলেছে আদালত।
কাদেরের বিরুদ্ধে গত জুলাই মাসে ডাকাতির প্রস্তুতির মামলাটি করেন রাজধানীর খিলগাঁও থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আলম বাদশা। তিনি হাই কোর্টের নির্দেশে চাকরি থেকে ইতিমধ্যে বরখাস্ত হয়েছেন।
মামলা কেন করেছিলেন- তার কারণ ব্যাখ্যা দিতে ওই এসআইকে তিন দিনের মধ্যে আদালতে হাজির হতে বলে আদালত।
মহানগর হাকিম মো. রেজাউল করিম বৃহষ্পতিবার বাদশাকে হাজিরের নির্দেশ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ওই আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক সালোয়ার হোসেন।
গত বছরের ১৫ জুলাই বোনের বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের হলে ফেরার পথে পুলিশ কাদেরকে গ্রেপ্তার করে। পুলিশ হেফাজতে তার ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এরপর মোহাম্মদপুর থানার গাড়ি ছিনতাই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পাশাপাশি অস্ত্র ও ডাকাতিচেষ্টার অভিযোগে দুটি মামলা হয় খিলগাঁও থানায়।
খিলগাঁও থানার দুই মামলায় কাদেরকে অব্যাহতি দিতে কয়েকদিন আগে আদালতে প্রতিবেদন পাঠায় পুলিশ। বৃহস্পতিবার এ আবেদনের শুনানি ছিল।
এদিকে গত ২৩ জানুয়ারি খিলগাঁও থানার ওসি হেলাল উদ্দিনের বিরুদ্ধে কাদেরের করা মামলার কপি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পৌঁছেনি বলে দাবি করেছেন আদালতের পুলিশ সালোয়ার হোসেন।
বৃহষ্পতিবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ রকম মামলার কাগজ তার দপ্তরে এখনো পৌঁছেনি।
আইন অনুযায়ী মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে এজাহারসহ মামলা সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র আদালতে পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ছাত্র কাদেরের আইনজীবী আব্দুল গাফফার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাদের বৃহষ্পতিবার আদালতে হাজিরা দিয়েছেন।
বিডিনিউজ টোয়েনিটফোর ডটকম/পিবি/পিডি/১৯৪৪ ঘ.
bdnews24