সাভার, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার আশুলিয়া থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে আশুলিয়ার জিরাবো এলাকার একটি ব্রিজের ঢাল থেকে আবুল কাশেম (৪৫) ও নবীনগর এলাকার র্যাব ক্যাম্পের পিছন থেকে অজ্ঞাতপরিচয় (৪৮) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
আবুল কাশেমের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার দ্বিগদাইর গ্রামে। তিনি বাংলাদেশ বিমানের কার্গো চালকের সহকারী ছিলেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক শাহীন শাহ পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে জিরাবোর আমান স্পিনিং মিলের পাশের ব্রিজের ঢাল থেকে কাশেমের লাশ উদ্ধার করা হয়। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
ধারণা করা হচ্ছে, রাতের যেকোনো সময় অন্য কোথাও হত্যার পর কাশেমের লাশটি ওই স্থানে ফেলে যায় দুর্বৃত্তরা।
অজ্ঞাতপরিচয় লাশটি নবীনগর র্যাব-৪ ক্যাম্পের পিছনে জালালাবাদ মডেল টাউনের পাশ থেকে উদ্ধার করা হয়েছে জানিয়ে উপ-পরিদর্শক বলেন, লাশের পাশে প্যাথেডিন পাওয়া গেছে। সম্ভবত নেশাগ্রস্ত হয়েই তিনি মারা গেছেন।
এ বিষয়ে একটি হত্যা ও আরেকটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান শাহীন শাহ পারভেজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/১৫৫৮ ঘ.
bdnews24