ঢাকা/ময়মনসিংহ, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইকবাল সজীব (২৫) ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন।
রেলওয়ে পুলিশের (জিআরপি) জামালপুর থানার ওসি সাবির আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ময়মনসিংহ আউটার স্টেশনের কাছে ময়মনসিংহগামী একটি ট্রেনের চাকায় কাটা পড়েন সজীব।
তিনি বলেন, “পুলিশ সদস্যরা লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেছেন।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র সজীব শহীদুল্লাহ হলের ১২১ নম্বর কক্ষে তিনি থাকতেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলায়। গত সোমবার ময়মনসিংহে তিনি এক বন্ধুর বাড়িতে বেড়াতে যান।
ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মনসুর আল হাদী জানান, সজীব বিদ্যাগঞ্জ রেল স্টেশন থেকে রেললাইন ধরে হাঁটতে হাঁটতে ময়মনসিংহের দিকে আসছিলেন। প্রায় এক কিলোমিটার আসার পর ময়মনসিংহ আউটার স্টেশনের কাছে তিনি ট্রেনে কাটা পড়েন।
পরে স্থানীয়রা লাশের পাশে পড়ে থাকা মোবাইল ফোন থেকে সজীবের বন্ধু ও পরিবারের সঙ্গে যোগাযোগ করে বলে জানান তিনি।
ছাত্র ইউনিয়নের নেতারা জানান, গত কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন সজীব।
ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি ফেরদৌস আহমেদ উজ্জ্বল জানান, সংগঠনের কেন্দ্রীয় নেতারা সজীবের মরদেহ আনার জন্য ময়মনসিংহ যাচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৪১০ ঘ.
bdnews24