আগরতলা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ডি লিট ডিগ্রি দেওয়ার পর এবার বাংলাদেশ স্টাডিজ নামে একটি বিভাগ খোলার উদ্যোগ নিয়েছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কোন্নয়নের চেষ্টার সঙ্গে তাল মিলিয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ সেন্টার চালু করা হচ্ছে। এর মাধ্যমে দুদেশের জনগণের মধ্যে আন্তঃযোগাযোগ বাড়ানোর ওপর জোর দিচ্ছি আমরা।”
“এজন্য ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিগগিরই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে”, যোগ করেন ওই কর্মকর্তা।
তিনি জানান, এ লক্ষ্যে তিন বিশ্ববিদ্যালয়, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানব সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে। সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং ফেব্র“য়ারির শেষ নাগাদ তা স্বাক্ষরিত হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ খোলা হলে শিক্ষার্থীদের জন্য কোর্স চালু ছাড়াও সমসাময়িক বিভিন্ন বিষয় ও দক্ষিণপূর্ব এশিয়ার চ্যালেঞ্জ মোকাবিলায় তত্ত্বীয় পাঠ ও গবেষণার সুযোগ সৃষ্টি হবে।
ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার বীনা সিক্রি বলেন, “নতুন প্রজন্ম, বিশেষত করে যারা আগামীতে নীতি-নির্ধারকের ভূমিকায় অবতীর্ণ হবে, তাদের জন্য এই সেন্টার ইতিবাচক ভূমিকা রাখতে পাতে পারবে।
“এ সেন্টার শুধু দক্ষ পেশাজীবী, নেতা ও সেবা খাতের কর্মী তৈরি করবে না, এ অঞ্চলের মানুষের আন্তঃসংস্কৃতিরও উন্নয়ন ঘটাবে।”
গত ১২ জানুয়ারি প্রথম কোনো বিদেশি সরকার প্রধান হিসেবে শেখ হাসিনাকে ডি লিট সম্মাননা দেয় ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। ভারতের কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী কপিল সিবাল সে সময় প্রধানমন্ত্রীর কাছে শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১৩১৪ ঘ.
bdnews24