২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গড় মূল্যস্ফীতি বৃদ্ধি ও প্রবৃদ্ধি কমার আভাস

চলতি অর্থবছরে গড় মূল্যস্ফীতির হার যে সীমায় থাকবে বলে সরকার আশা করেছিল, তা সে সীমা ছাড়িয়ে যাবে বলে আভাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তারা বলেছে, প্রবৃদ্ধিও কম হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2012, 10:04 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরে গড় মূল্যস্ফীতির হার যে সীমায় থাকবে বলে সরকার আশা করেছিল, তা সে সীমা ছাড়িয়ে যাবে বলে আভাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তারা বলেছে, প্রবৃদ্ধিও কম হতে পারে। বৃহস্পতিবার অর্থবছরের শেষ ছয় মাসের জন্য মুদ্রা নীতির ঘোষণায় মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধির বিষয়ে আভাস দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের জ্যেষ্ঠ পরামর্শক আল্লাহ মালিক কাজেমি। ঘোষিত মুদ্রা নীতিকে ‘সংযত’ মুদ্রা নীতি হিসেবে অভিহিত করেছেন গভর্নর আতিউর রহমান। অর্থবছরে সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশ থেকে ৭ শতাংশ হতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমান অর্থবছরের বাজেটে তা ধরা হয়েছে ৭ শতাংশ। মূল্যস্ফীতির হার বাজেটে ৭ দশমিক ৫ শতাংশ ধরা হলেও কেন্দ্রীয় ব্যাংক বলছে, তা ৯ শতাংশে দাঁড়াতে পারে। গত ডিসেম্বরে মূল্যস্ফীতি ১০ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। মূল্যস্ফীতির রাশ টেনে ধরে প্রবৃদ্ধিকে সহায়তা দেওয়াটাই নতুন মুদ্রানীতির প্রধান লক্ষ্য বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন মুদ্রা নীতিতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বেসরকারি খাতে ১৬ শতাংশ এবং সরকারি খাতে ৩১ শতাংশ ধরা হয়েছে। গত ছয় মাসের বেসরকারি খাতে ১৮ শতাংশ এবং সরকারি খাতে ৬২ শতাংশ ঋণ প্রবৃদ্ধি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, “অর্থবছরের দ্বিতীয়ার্ধে বৈশ্বিক অর্থনীতিতে মন্থরতার আশঙ্কাটি আমাদের রপ্তানি ও রেমিটেন্স প্রবৃদ্ধি দুর্বল করতে পারে। পাশাপাশি সরকারি বৈদেশিক সহায়তার দুর্বল অন্তঃপ্রবাহ এবং ঋণ যোগান প্রবৃদ্ধির পরিমিতি অভ্যন্তরীণ চাহিদাকে সীমিত করবে।” মূল্যস্ফীতির বিষয়ে বলা হচ্ছে, গত ডিসেম্বরে গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ৭ শতাংশ, যা প্রক্ষেপিত মূল্যস্ফীতির চেয়ে অনেক বেশি। এর কারণ, বিশ্ববাজারে উচ্চ খাদ্যমূল্যের বিলম্বিত প্রভাব। গত বছর অভ্যন্তরীণ ঋণের উচ্চ প্রবৃদ্ধি এবং বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি। সরকারের ঋণ অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তারা বলছে, “বৈদেশিক সাহায্যেও অপ্রত্যাশিত নিুগতি, ভর্তুকি ব্যয়ভারের উর্ধ্বগতি এবং ব্যাংক বহির্ভূত ঋণের নিুমাত্রার কারণে বাংলাদেশ ব্যাংকসহ ব্যাংকিং খাত থেকে সরকারের ঋণের দ্রুত স্ফীতি ঘটেছে। “সরকারের ঋণ গ্রহণের মাত্রা যাতে ব্যাংক ব্যবস্থায় তারল্য যোগানের ওপর অত্যধিক চাপ সৃষ্টি না করে, সে বিষয়ে লক্ষ্য রাখা গুরুত্বপূর্ণ।” বহিঃখাত মুদ্রা নীতিতে বলা হয়েছে, জানুয়ারিতে আমদানি ঋণপত্র খোলার হার আগের বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশ কমেছে। “অধিকতর সংযত অভ্যন্তরীণ ঋণ প্রবৃদ্ধিও আমদানি প্রবৃদ্ধিকে পরিমিত রাখবে, পাশাপাশি অবমূল্যায়িত বিনিময় হার রপ্তানি ও রেমিট্যান্স প্রবৃদ্ধিকে বাড়াতে সহায়তা করবে।” এর ফলে অচিরেই বৈদেশিক লেনদেন খাত একটি স্থিতিশীল ভারসাম্যে পৌঁছাবে বলে আশা করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণ, রপ্তানি আয়ের সঙ্গে আমদানি ব্যয়ের ফারাক রয়েই গেছে, রেমিটেন্সও এই ব্যবধান ঘোচাতে পারছে না। বৈদিশিক সাহায্য কমে যাওয়ার বিষয়টিও তুলে ধরেছে কেন্দ্রীয় ব্যাংক। তারা বলেছে, গত এক বছরে ডলারের বিপরীতে টাকার মান ১৫ শতাংশ কমেছে। গত ছয় মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১ হাজার ২ কোটি ডলার থেকে কমে ৯২০ কোটি ডলারে দাঁড়িয়েছে। নতুন মুদ্রা নীতিতে বিলাস দ্রব্য আমদানিকে নিরুৎসাহিত করা হয়েছে। আমানত ও ঋণে সুদের হারের ব্যবধান কঠোর নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিবছর দুটি মুদ্রানীতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। প্রথম ছয় মাসের জন্য একটি এবং বাকি ছয় মাসের জন্য আরেকটি। গত জুলাই-ডিসেম্বর সময়ের মুদ্রা নীতিতে ‘অনুৎপাদনশীল ও ঝুঁকিপূর্ণ’ খাতে ঋণ প্রবাহের লাগাম টেনে ধরার লক্ষ্য ঠিক করা হয়েছিল। ওই মুদ্রা নীতিতে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ১৮ শতাংশের মধ্যে সীমিত রাখার পরিকল্পনা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরবি/এমআই/২০৩০ ঘ.