২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিযবুত কর্মী রসুল ৭ দিনের রিমান্ডে

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরিরের সদস্য ও ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক গোলাম হায়দার রসুলকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 12:24 PM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরিরের সদস্য ও ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক গোলাম হায়দার রসুলকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু মিয়া বুধবার রসুলকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. হাসিবুল হক সাত দিনের হেফাজত মঞ্জুর করেন। গত সোমবার রাত ১টার দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরের ১৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে রসুলকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তার হওয়ার পর র‌্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে ইউনাইটেড হাসপাতালের কার্ডিওলজি বিভাগের এই চিকিৎসক স্বীকার করেন যে, তিনি হিযবুত তাহরিরের সঙ্গে জড়িত। তার বাসা থেকে জঙ্গি বই ও একটি কম্পিউটার জব্দ করে র‌্যাব। গত ১৯ জানুয়ারি সেনাবাহিনী এক সংবাদ সম্মেলনে জানায়, কিছু ধর্মান্ধ সেনা সদস্যের সরকার উৎখাতচেষ্টা তারা নস্যাৎ করে দিয়েছে। ওই ব্যর্থ অভ্যুত্থানের কথিত পরিকল্পনাকারী মেজর সৈয়দ মো. জিয়াউল হক হিজবুত তাহরিরের সঙ্গে জড়িত বলেও সেনা কর্মকর্তারা জানান। এ ঘটনার পর থেকে সারা দেশে এই নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযান চলছে। আড়াই বছর আগে সরকার হিযবুত তাহরিরকে নিষিদ্ধ ঘোষণা করলেও মাঝেমধ্যেই এ সংগঠনের নামে প্রচারপত্র বিলি ও পোস্টার সাঁটানো দেখা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/জেকে/১৮১৮ ঘ.