নুরুল ইসলাম হাসিব
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
দোহা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দোহা ঘোষণা গ্রহণের মধ্য দিয়ে শেষ হয়েছে শাফাল্লাহ ফাউন্ডেশনের পঞ্চম আন্তর্জাতিক সম্মেলন, যাতে মানবিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।
৫০টি দেশের ৩০০ প্রতিনিধির অংশগ্রহণে কাতারের রাজধানী দোহায় গত রোববার এই সম্মেলন শুরু হয়, মঙ্গলবার তা শেষ হলো।
যুদ্ধ ও দুর্যোগকালীন সময়ে বিশেষ সহায়তা প্রয়োজন- এমন ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিতের পদ্ধতি ও করণীয় নিয়ে আলোচনা হয় শাফাল্লাহ ফাউন্ডেশন আয়োজিত এই সম্মেলনে।
সম্মেলনের সমাপনী ভাষণে ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসান আলী দুর্যোগকালীন সময়ে প্রতিবন্ধীদের সহায়তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নীতি প্রণয়নের দাবিতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। ]
তিনি বলেন, “বিশেষ সুবিধা দেওয়ার কথা আমরা বলছি না; আমরা বলছি, ন্যায্য সুবিধার সুযোগ পাওয়া যেন নিশ্চিত হয়।”
যেমন দুর্যোগকালীন সময়ে ত্রাণ বণ্টন সবার জন্য হলেও একজন প্রতিবন্ধী ত্রাণের লাইনে দাঁড়াতে পারেন না। ফলে তিনি তার প্রাপ্য থেকে বঞ্চিত হন বলে তুলে ধরেন সম্মেলনের প্রতিনিধিরা।
প্রতিবন্ধীদের সবাইকে সচেতন করে তোলার ওপর জোর দিয়ে হাসান আলী বলেন, “আমরা চাইলেই সব আইন পরিবর্তন করতে পারি। কিন্তু সবাই সচেতন না হলে তাতে কোনো ফল আসবে না।”
দোহা ঘোষণার বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণে একটি কমিটিও গঠন হয়েছে সম্মেলনে। জাতিসংঘের মানবিক ত্রাণ সহায়তা বিষয়ক আন্ডার সেক্রেটারি ব্যারোনেস ভ্যালেরি আমোস সম্মেলনে মূল প্রবন্ধ তুলে ধরেন।
‘সঙ্কট, সংঘর্ষ ও প্রতিবন্ধিত্ব : সমতা নিশ্চিত করা’- এ প্রতিপাদ্য নিয়ে হয়ে যাওয়া এই সম্মেলনে বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রীর মেয়ে শেখ সায়মা হোসেনও অংশ নেন। প্রতিবন্ধীদের অধিকারের বিষয়টিতে জনসচেতনতা তৈরির লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন।
জাতিসংঘের তথ্য মতে, বিশ্বব্যাপী এক কোটির বেশি মানুষ রয়েছে যাদের বিশেষ সহায়তা দরকার হয় এবং বিভিন্ন শরণার্থী শিবিরে ৩৫ লাখ প্রতিবন্ধী আছে।
সর্বশেষ আদমশুমারির প্রাথমিক তথ্য অনুযায়ী বাংলাদেশের ১৪ কোটি ২৩ লাখ জনসংখ্যার মধ্যে নয় দশমিক সাত শতাংশ মানুষ কোনো এক ধরনের প্রতিবন্ধিত্বে ভুগছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এমআই/২৩১১ ঘ.
bdnews24