২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-নেপাল পর্যটনে বিশেষ প্রস্তাব প্রধানমন্ত্রীর

অভ্যন্তরীণ ও আঞ্চলিক পর্যায়ে পর্যটন খাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে যৌথ প্যাকেজ ঘোষণায় নেপালকে প্রস্তাব দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2012, 04:40 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভ্যন্তরীণ ও আঞ্চলিক পর্যায়ে পর্যটন খাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে যৌথ প্যাকেজ ঘোষণায় নেপালকে প্রস্তাব দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ঢাকায় নিযুক্ত নেপালের নতুন রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে হাসিনা এ প্রস্তাব দেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান। দক্ষিণ এশিয়ার সামগ্রিক উন্নয়নের জন্য আঞ্চলিক সংযুক্তির ওপর গুরুত্ব আরোপ করে হাসিনা বলেন, চট্টগ্রাম ও মংলা বন্দর দিয়ে নেপালি পণ্যের ট্রানজিট সুবিধা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে। বাংলাবান্ধা ‘জিরো পয়েন্ট’ থেকে বাংলাদেশের অভ্যন্তরে ২০০ মিটার পর্যন্ত পণ্যবাহী নেপালি যানবাহনের প্রবেশে অনুমতিদানের লক্ষে ভারতের সঙ্গে বাংলাদেশের করা এসওপি চুক্তির কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা সপ্ত-কোশি বাঁধ প্রকল্পের যৌথ বাস্তবায়নসহ জলবিদ্যুৎ খাতে আরো সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন। সপ্ত-কোশি বাঁধ প্রকল্প বাস্তবায়িত হলে সাড়ে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। বৈঠকে নেপালের নতুন রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন। এ ছাড়া শেখ হাসিনাকে সুবিধাজনক সময়ে নেপাল সফরেরও আমন্ত্রণ জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরআরডি/এএল/২২৩২ ঘ.