সাতক্ষীরা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তক্ষক পাচারকারী সন্দেহে সাতক্ষীরা সদর উপজেলা থেকে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে আটটি তক্ষক উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে জেলা শহরের অদূরে শাল্যে গ্রাম থেকে গ্রেপ্তার হন মুন্সিগঞ্জের নূর পুকুরপাড় গ্রামের মো. রহমতউল্লাহ, কিশোরগঞ্জের দক্ষিণ মহাখালী গ্রামের মো. আপতু মিয়া ও সাতক্ষীরার ধূলিহর গ্রামের দুলাল সাহা।
বিকালে আদালতে হাজির করলে তাদের জেলহাজতে পাঠানো হয়।
গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. আমানুল্লাহ বলেন, একটি সংঘবদ্ধ চক্র তক্ষক পাচার করে আসছে। এই চক্রের সদস্যদের ধরার চেষ্টা চলছে।
সদর থানার সহকারী উপ-পরিদর্শক গঙ্গারানী বলেন, আটকদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সদর থানায় মামলা করেছেন জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মাহাবুবুর রহমান।
তক্ষকগুলোকে তাদের হেফাজতে রাখা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শিশির কুমার বিশ্বাস বলেন, তক্ষকের বিষ খুবই মারাত্মক। কামড়ালে বাঁচানো কঠিন।
তিনি জানান, সচরাচর এরা কাউকে কামড়ায় না। আঘাত পেলে কামড় দেয়। বিদেশে এর বিষ নানা কাজে ব্যবহৃত হয়। এদের বিষ থেকে তৈরি হয় বিষরোধক ইনজেকশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১৩১ ঘ.
bdnews24